আর মাত্র কদিন পরই মাঠে গড়াবে বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ। তার আগে এই সপ্তাহ শেষে বন্ধ হবে প্রিমিয়ার লিগ। বিশ্বকাপে অংশ নেওয়া দেশগুলোর কোচরা গভীর উদ্বেগ নিয়ে অপেক্ষা করছেন তাদের খেলোয়াড়দের ফিটনেস রিপোর্টের জন্য।
এদিকে কাতার আসরের জন্য নিজেদের খেলোয়াড়দের ছেড়ে দেওয়ার আগে শীর্ষ লীগের দলগুলোর জন্য এখনো অনেক ঝুঁকি রয়ে গেছে। নিউক্যাসলের আশা শীর্ষ চারে অবস্থান নেওয়া, অপরদিকে আর্সেনালের দৃষ্টি শিরোপার দিকে।
বিশ্বকাপে ইনজুরি আতঙ্ক:
বিশ্বকাপ বিরতির আগে সবার দৃষ্টি এখন ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) শেষ ম্যাচগুলোতে খেলোয়াড়দের ফিটনেসের ওপড়। এদিকে প্রথমবারের মতো ঘরোয়া মৌসুমের মাঝপথে বিশ্বকাপ খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সঙ্গত কারণেই ইঞ্জুরি আতঙ্ক অনেকাংশে বাড়িয়ে দিয়েছে।
বিশ্বকাপের জন্য সময় বের করতে ইউরোপের ক্লাব প্রতিযোগিতা অন্তত দুই মাস সঙ্কুচিত করতে হচ্ছে। আগামী ২০ নভেম্বর শুরু হচ্ছে বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ। ফলে বিশ্বকাপের আগে অধিকাংশ ক্লাবকে ৪২ দিনের মধ্যে খেলতে হচ্ছে অন্তত ১৩টি ম্যাচ। যে কারণে ক্লান্ত হয়ে পড়ে খেলোয়াড়রা।
ইঞ্জুরির কারণে শুধু প্রিমিয়ার লিগ থেকে চেলসির তিন খেলোয়াড় এনগোলো কান্তে, রিসে জেমস ও বেন চিলওয়েল এবং লিভারপুলের দুই খেলোয়াড় ডিয়েগো জোটা ও আর্থার মেলো ছিটকে গেছেন বিশ্বকাপ থেকে। এদিকে, টটেনহ্যামের সন হিউং-মিন, ম্যানচেস্টার ইউনাইটেডের রাফায়েল ভারানে, ম্যানচেস্টার সিটির কাইল ওয়াকার ও ক্যালভিন ফিলিপস কাতার বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছেন ঠিকই, কিন্তু শঙ্কা রয়েছে তাদের ফিটনেস নিয়ে।
ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন ‘সত্যিই ক্লান্ত’ উল্লেখ করে টটেনহ্যাম হটস্পার্সের কোচ অ্যান্তোনিও কন্তে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে বদলি হিসেবে নামিয়েছিলেন। এই খবর অবশ্যই চিন্তায় ফেলে দিয়েছে ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেটকে।
বিশ্বকাপের বিরতিতে সবচেয়ে বেশী বিপদজনক হতে পারে নিউ ক্যাসেলের জন্য। পয়েন্ট তালিকার তৃতীয়স্থানে থাকা দলটি এবার শীর্ষ চারে অবস্থান নিয়ে আগামী চ্যাম্পিয়ন্স লিগে খেলতে চায়। গত বুধবার নিক পোপের পেনাল্টিতে লিগ কাপের তৃতীয় পর্বে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে কোন রকম জয়লাভ করেছে ক্যাসল।
এদিকে লিগ কাপে ব্রাইটনের কাছে হেরে যাওয়ার পর প্রিমিয়ার লিগের শীর্ষ পয়েন্টধারী আর্সেনালের কোচ মিকেল আর্তেতা বলেছেন, জানুয়ারির শীতকালীন দলবদলে তারা নতুন খেলোয়াড় যোগ করবেন দলে। গত রোববার প্রিমিয়ার লিগে চেলসির বিপক্ষে ১-০ গোলে জয়লাভ করা দলটিতে ১০টি পরিবর্তন এনেছিলেন আর্তেতা। এতেই এমিরেটস স্টেডিয়ামে ব্রাইটনের কাছে ৩-১ গোলে হারতে হয়েছে তাদের।
এই মুহুর্তে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে ২ পয়েন্টে এগিয়ে রয়েছে আর্সেনাল। আর্তেতার মতে প্রথম পর্বের মতো পারফরম্যান্স ধরে রাখতে হলে তার দলে নতুন কিছু খেলোয়াড় যোগ করার প্রয়োজন আছে। তিনি বলেন, ‘যদি কোন খেলোয়াড় ইনজুরিতে না থাকে (বিশ্বকাপের পর) তাহলে বর্তমান দলটিই যথেষ্ঠ। কিন্তু আমরা জানি সেখানে কি ঘটবে। এটি নতুন কোন বিষয় নয়। আমাদেরকে নিজেদের সামর্থ্য নিয়ে আলোচনা করতে হবে। যদি বুঝতে পারি দলে পরিবর্তন আনার প্রয়োজন আছে, তাহলে অনেক পথই খেলা আছে।’
