রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে দুই ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. শামীম ইয়াজদানী। শনিবার (১২ নভেম্বর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
মৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের সামেনা বেগম (৩৯) ও পাবনার সুজানগর উপজেলার কামরুল ইসলাম (২৮)।
ডা. শামীম ইয়াজদানী জানান, মৃত দুজন রামেক হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এনিয়ে রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো পাঁচ জন।
পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত আরও ১২ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন চার জস। বর্তমানে ২৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে একজন আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি জানান, এখন রাজশাহীতে ডেঙ্গুর প্রকোপ তুলনামূলক কম। অন্য জেলা থেকে আক্রান্ত রোগীরা রামেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালের ১০টি ওয়ার্ডে তাদের চিকিৎসা চলছে।

