ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভূমিহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণকাজের প্রতিটি ধাপে অনিয়মের অভিযোগ উঠেছে। এসব ঘরে নিম্নমানের ইট ও বালু দিয়ে নির্মাণকাজ করা হচ্ছে।
সরজমিনে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণকাজ ঘুরে দেখা যায়, প্রধানমন্ত্রীর উপহারের এসব ঘর নির্মাণে নিম্নমানের ইট, বালু, কাঠ ও অন্যান্য সামগ্রী ব্যবহার করা হচ্ছে। নিম্নমানের মিঠা ইট ও সাদা ভিটি বালু (এফএম কম থাকে) ব্যবহার করা হচ্ছে।
এসব ঘর নির্মাণকাজের রাজমিস্ত্রীরা জানান, ইট ও বালুর মান ভালো না। অধিকাংশ ইটই নিম্নমানের।
তাহলে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করছেন কেন, এমন প্রশ্নের জবাবে তারা বলেন, 'স্যার (ইউএনও) যা মাল দিচ্ছে তা দিয়ে আমরা কাজ করছি।'
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, মুজিববর্ষ উপলক্ষে অগ্রাধিকার প্রকল্প আশ্রয়ণ-২ এর আওতায় আখাউড়ায় ৬৫৩টি ভূমিহীন পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার ঘর দেওয়া হবে। ইতিমধ্যে ১ম ও ৩য় দফার সম্পূর্ণ ও ২য় দফার আংশিকসহ ৩৬৫টি ভূমিহীন পরিবারকে ২ শতাংশ জমি বন্দোবস্ত দিয়ে একটি করে সেমিপাকা ঘর নির্মাণ করে চাবি বুঝিয়ে দেওয়া হয়েছে। ২য় দফার বাকি ২৯০ ভূমিহীন পরিবারকে ঘর দেওয়ার জন্য নির্মাণকাজ চলছে। ২য় ও ৩য় দফা প্রতিটি ঘর নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৫শ’ টাকা।
এ প্রকল্পের ঘর নির্মাণ বাস্তবায়নে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা। ঘর নির্মাণকাজ বাস্তবায়নের দায়িত্ব পালন করছেন প্রকল্পের সদস্য সচিব উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাপস চক্রবর্তী। তাছাড়া এ কমিটিতে রয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী, উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম ও সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাপস চক্রবর্তী নিম্নমানের সামগ্রী দিয়ে ঘর নির্মাণের বিষয়ে বলেন, 'এ বিষয়ে ইউএনও স্যার ভালো জানেন। তার সঙ্গে কথা বলুন।'
উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা বলেন, ভালো মানের ইট-বালু দিয়ে ঘরগুলোর কাজ করা হচ্ছে। ঘরের অন্যান্য সামগ্রীও ভালো মানের কেনা হয়েছে।
