দেশ বরেণ্য কথাসাহিত্যিক, নাট্যকার বাংলা একাডেমি এবং একুশে পদক প্রাপ্ত লেখক নেত্রকোনার কৃতি সন্তান হুমায়ূন আহমেদের ৭৪তম জন্মদিনে রোববার (১৩ নভেম্বর) নেত্রকোনা হিমু পাঠক আড্ডার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, কেক কাটা, গুণীজন সম্মননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রোববার বেলা ১১ টায় র্যালীর উদ্ধোধন করেন দেশ বরেণ্য লেখক অধ্যাপক যতীন সরকার। র্যালিতে অংশ নেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
হিমু-রুপাদের নিয়ে বিরাট র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মোক্তারপাড়া মুক্ত মঞ্চে এসে শেষ হয়।পরে পাবলিক হলে পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খানের সভাপতিত্বে ও হিমু পাঠক আড্ডার সভাপতি আলপনা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
অনুষ্ঠানে সমাজসেবা ও নারী উন্নয়নে বিশেষ অবদানের জন্য হিমু পাঠক আড্ডার পক্ষ থেকে বেগম রোকেয়াকে সম্মননা প্রদান করা হয়। এছাড়া আলোচনা সভায় বক্তব্য রাখেন নেত্রকোনা সরকারি কলেজের বাংলা বিভাগের চেয়ারম্যান প্রফেসর আফজাল রহমান, লেখক হায়দার জাহান চৌধুরী ও সম্মননা প্রাপ্ত বেগম রোকেয়া। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এছাড়া হুমায়ূন আহমেদের নিজবাড়ি কেন্দুয়া উপজেলার কুতুবপুরে ও তার প্রতিষ্ঠিত হীদ স্মৃতি বিদ্যানিকেতনেও নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
১৯৪৮ সনের এই দিনে তিনি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তার নিজ বাড়ি কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে।
