ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ মানেই এক অলিখিত যুদ্ধ। মাঠ ও মাঠের বাইরে উত্তপ্ত থাকবে পরিবেশ এটাই যেন রীতি। স্বাভাবিকভাবেই বিশ্বকাপের মতো বড় আসরে দুই দলের মুখোমুখি হওয়া নিয়ে শুরু হয়েছে কাঁদা ছোঁড়াছুঁড়ি। এমনকি খেলা সম্প্রচারের দায়িত্বে থাকা টেলিভিশন চ্যানেলগুলো বিজ্ঞাপন বানিয়ে বাড়িয়ে দিচ্ছেন এই উত্তেজনা। এই অবস্থায় দুই দেশের ভক্তদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের কিংবদন্তী বোলার ওয়াসিম আকরাম।
শান্ত থাকার আহ্বান জানিয়ে এক টুইটার বার্তায় তিনি বলেন, ‘এক দল জিতবে, এক দল হারবে। এটাই স্বাভাবিক। তাই শান্ত থাকুন। ম্যাচকে যুদ্ধের মতো করে ভাবার কিছু নেই। যারা ম্যাচকে যুদ্ধের মতো করে দেখেন তারা আসলে সত্যিকারের ক্রিকেট ভক্তই নন।’
আগামীকাল ইংল্যান্ডের ম্যানচেস্টারে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। এই ম্যাচেও আছে বৃষ্টির আশঙ্কা। ম্যাচটি মাঠে গড়ালে নিশ্চিতভাবেই এটা হবে সবচেয়ে বেশি দর্শকের ম্যাচ।
সবাইকে খেলাটি উপভোগের আহ্বান জানিয়ে ওয়াসিম আকরাম বলেন, ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে প্রায় ১০০ কোটিরও বেশি মানুষ আসবে। তাই দুই দলের সমর্থকদের প্রতি ম্যাচটা উপভোগ করার অনুরোধ রইল। শান্তভাবে খেলা দেখুন।
ইত্তেফাক/এএম
