বিশ্বকাপ প্রস্তুতিতেই 'লেট কামার' নেইমার

আপডেট : ১৫ নভেম্বর ২০২২, ১৬:২০

ক্ষণ গুনতে গুনতে চলেই কাতার বিশ্বকাপ। চার বছরের অপেক্ষা শেষে আর মাত্র ৫ দিন পরেই মরুভূমির বুকে বসতে চলেছে বিশ্ব ফুটবলের মহারণ। ইতোমধ্যেই শেষ মুহুর্তের প্রস্তুতি শুরু করে দিয়েছে বিশ্বকাপে অংশগ্রহণকারী ৩২ টি দেশ। ক্লাব ফুটবলের ব্যস্ত সূচিতে পড়ে গেছে বিরতি। খেলোয়াড়রা যোগ দিয়েছেন জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে।

পাঁচবারের  বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল তাদের অনুশীলন ক্যাম্প শুরু করেছে ইতালির তুরিনে। সেখানে পৌঁছে গেছে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডের সবাই। তুরিনে প্রথম অনুশীলনও করেছে দলের সবাই। তবে সেই অনুশীলনেই দেরি করে যোগ দিলেন ব্রাজিলের পোস্টার বয় নেইমার, তার সঙ্গী ছিলেন মার্কুইনহোসও। অবশ্য যৌক্তিক কারণও আছে তাদের দেরিতে পৌঁছানোর পেছনে।  

প্যারিস থেকে তুরিনে যাবার ফ্লাইটের সময়সূচি বিলম্বের কারনেই ব্রাজিলের বিশ্বকাপ দলের অনুশীলনে দেরিতে পৌঁছেছেন নেইমার ও মার্কুইনহোস। 

ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডের ২৬ সদস্যের সোমবার (১৪ নভেম্বর) সকালে জুভেন্টাসের ট্রেনিং সেন্টারে রিপোর্ট করার কথা থাকলেও নেইমার ও মার্কুইনহোস পিএসজি থেকে দলে যোগ দিতে দেরি করেন। যান্ত্রিক ত্রুটির কারনে তাদের ফ্লাইট বিলম্বিত হওয়ায় এই দেরি হয়েছে বলে পরবর্তীতে জানা গেছে।

এই দুজন দুপুরে এসে দলের সঙ্গে যোগ দেন। গত এক সপ্তাহ ধরে যে খেলোয়াড়রা ক্লাবের হয়ে মাঠে নামেননি এমন ১৪ জন খেলোয়াড় নিয়ে হালকা অনুশীলন করেছেন কোচ তিতে। মাঠের সেশনের শেষে জিমে অন্যদের সঙ্গে যোগ নেইমার ও মার্কুইনহোস।

ব্রাজিলের টেকনিক্যাল স্টাফ সূত্রে জানা গেছে, তুরিনে প্রথম দুইদিন খেলোয়াড়দের  শারিরীক পরিস্থিতি পর্যালোচনা করা হবে। এরপর ধীরে ধীরে তাদের অনুশীলনের মাত্রা বাড়ানো হবে। সবার শারীরিক পরিস্থিতি ঠিক থাকলেই পূর্ণাঙ্গ অনূশীলন শুরু করা হবে।

আগামী ২৪ নভেম্বর সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিল তাদের বিশ্বকাপ যাত্রা শুরু করবে। গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচে সেলেসাওদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড ও ক্যামেরুন।

ইত্তেফাক/এসএস