আড়িয়াল খাঁ নদ সংলগ্ন মাদারীপুরের শিবচর ও ফরিদপুরের ভাঙ্গা-সদরপুরে ৩ হাজার ৩০০ একর জমিতে এশিয়ার বৃহৎ শেখ হাসিনা স্পোর্টস সিটি কাম অলিম্পিক ভিলেজ নির্মাণ হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ শিবচর আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটন এবং যুব-ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে প্রকল্প এলাকা পরিদর্শনে এসে এসব তথ্য জানান চিফ হুইপ ও প্রতিমন্ত্রী।
এ সময় ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন ও যুব-ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মেজবাহউদ্দিন উপস্থিত ছিলেন।
এছাড়া উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, ফরিদপুর জেলা পরিষদ চেয়ারম্যান শাহাদাত হোসেন, মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঝোটন চন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম, পৌর মেয়র আওলাদ হোসেন খান, শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. তোফাজ্জল হোসেন খান তোতাসহ আরও অনেকেই ।
ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেন, আড়িয়াল খা নদ সংলগ্ন এলাকার ৩ হাজার ৩০০ একর জমির ওপর শেখ হাসিনা স্পোর্টস সিটি কাম অলিম্পিক ভিলেজ নির্মাণের জন্য সম্ভাব্যতা যাচাই চলছে। পানিসম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখানে সমীক্ষা চলছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে তাদের রিপোর্ট পেলে কোথায় কোন স্থাপনা হবে তা নির্ধারণ করা হবে। এ প্রকল্পটি শুধু দক্ষিণ এশিয়াতেই নয় এশিয়ার মধ্যে একটি আইকনিক স্থাপনা হবে। এখানে অলিম্পিক ইভেন্ট, সাউথ এশিয়ান গেমস, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমসসহ বড় বড় ইভেন্ট আয়োজনের জন্য যা যা প্রয়োজন সবই থাকবে। এখানে মাঠ, জিমনেশিয়াম, গলফ,আবাসন ব্যবস্থাসহ সকল কিছু এখানে থাকবে। ক্রিকেট, ফুটবলের শুধু মাঠই নয় প্রাকটিস মাঠও আলাদা থাকবে। সব ধরনের খেলার ইনডোর প্রাকটিস মাঠ এখানে থাকবে। এখানে বিশ্বমানের শেখ হাসিনা স্পোর্টস সিটি গড়ে তোলা হবে।
চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, ‘এখানে স্পোর্টস সিটি নির্মাণ হলে অর্থনৈতিক চাঞ্চল্যও সৃষ্টি হবে ও কর্মসংস্থানের সৃষ্টি হবে। এখানে যাদের বাড়ি ঘর পড়বে তাদের পুনর্বাসনের আওতায় আনা হবে। পদ্মা সেতুতে ক্ষতিগ্রস্তদের যেভাবে পুনর্বাসন করা হয়েছে এখানেও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসিত করা হবে। প্রকল্পটি পরীক্ষা নিরীক্ষা করার জন্য সরকারের পক্ষ থেকে ৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। স্পোর্টস সিটি শুধু এ এলাকায় নয় সারাদেশেই অর্থনৈতিক পরিবর্তন আনবে।’
এর আগে সকালে দত্তপরায় মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরী (দাদা ভাইয়ের) কবর জিয়ারত করেন চিফ হুইপ, ক্রীড়া প্রতিমন্ত্রী, নিক্সন চৌধুরী এমপিসহ শীর্ষ কর্মকর্তা ও জেলা-উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও আরও অনেকেই উপস্থিত ছিলেন।
