নওগাঁর রাণীনগর উপজেলার কথিত সাংবাদিক শ্রী সুকুমল কুমার প্রামাণিকের বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেছেন দৈনিক ইত্তেফাক পত্রিকার রাণীনগর উপজেলা সংবাদদাতা ও নওগাঁ জেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আব্দুর রউফ রিপন। শনিবার বিকেলে রাণীনগর থানায় এই সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
অভিযোগ সূত্রে জানা গেছে, বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের কারণে কয়েক বছর আগে নিজ গ্রাম থেকে সুকুমল কুমারকে এলাকাবাসী পরিবারসহ বিতাড়িত করে। এরপর তিনি রাণীনগর বাজারের আশেপাশের বিভিন্ন জায়গায় বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছেন। আয়ের উৎস হিসেবে সাংবাদিকতাকে বেছে নিয়ে হঠাৎ নিজেকে সাংবাদিক হিসেবে আত্মপ্রকাশ করেন। এরপর থেকেই তিনি হলুদ সাংবাদিকতার মাধ্যমে বিভিন্ন অফিসের দালালি ও অনৈতিক কর্মকাণ্ড করে আসছেন।
আরো জানা গেছে, উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে কারণে-অকারণে জিম্মি করে ভয় দেখিয়ে হাতিয়ে নিচ্ছেন অর্থ। এই সব কর্মকাণ্ডের ধারাবাহিকতায় বেশ কিছুদিন যাবত ভুয়া মেইল আইডি থেকে ভুল ও বানোয়াট বিভিন্ন সংবাদ পাঠিয়ে আসছেন।
এছাড়াও সুকুমল বিগত সময়ে উপজেলার সিনিয়র অনেক সংবাদকর্মীর পত্রিকা অফিসেও এই ভুয়া মেইলের মাধ্যমে সংবাদ পাঠিয়ে অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছেন বলেও অভিযোগ রয়েছে। তার এসব কর্মকাণ্ডকে বন্ধ করা ও সমাজের মানুষের কাছে তার হলুদ সাংবাদিকতার মুখোশ খুলে দেওয়া লক্ষ্যে রাণীনগর থানায় জিডি করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএসএম সিদ্দিকুর রহমান বলেন, এই বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইত্তেফাক/জেডএইচ

