পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান যুক্তরাষ্ট্র ইস্যুতে সুর পাল্টিয়েছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের যেমন সম্পর্ক, পাকিস্তানের সঙ্গেও তেমন সম্পর্ক হোক এমনটাই চান তিনি। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই।
যুক্তরাজ্য-ভিত্তিক প্রকাশনা ফাইন্যান্সিয়াল টাইমসের সাথে একটি সাম্প্রতিক সাক্ষাতকারে খান বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের ‘খুব মর্যাদাপূর্ণ’ সম্পর্ক রয়েছে। আমি মূলত ভারতের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি মর্যাদাপূর্ণ সম্পর্ক চাই।’
ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাতকারে ইমরান খান বলেন, আমি এখন আর যুক্তরাষ্ট্রকে দোষারোপ করি না। ভবিষ্যতে যদি ক্ষমতায় আসতে পারি তাহলে দেশটির সঙ্গে মর্যাদাপূর্ণ সম্পর্ক গড়ে তোলা হবে।
ইমরান খান বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের বর্তমান সম্পর্ক প্রভু বনাম দাসদের মতো। তবে এর জন্য আমি পাকিস্তানের বর্তমান সরকারকে দোষারোপ করতে চাই, যুক্তরাষ্ট্রকে নয়।
সাবেক এই প্রধানমন্ত্রী আরো বলেন, যা ঘটেছে তা অতীত হয়ে গেছে। যে পাকিস্তানের নেতৃত্ব আমি দিতে চাই সেখানে অবশ্যই সবার সঙ্গে ভালো সম্পর্ক থাকবে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে।
চলতি বছরের ৯ এপ্রিল পাকিস্তানের সংসদে অনাস্থা প্রস্তাব আনে বিরোধীদল। এতে হেরে প্রধানমন্ত্রীর পদ থেকে বিদায় নিতে হয় ইমরান খানকে। এ জন্য তিনি শাহবাজ শরিফ ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেন।
