জাতীয় দলের হয়ে খেলার সময় সব সময়ই খুুশি থাকে ক্রিশ্চিয়ানো রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে তার যে ব্যক্তিগত সমস্যা রয়েছে, বিশ্বকাপে পর্তুগালের জার্সি গায়ে মাঠে নামার পর সেটি কোন প্রভাব ফেলবে না বলেই বিশ্বাস করেন সিআর সেভেনের পর্তুগাল সতীর্থ হুয়াও মারিও।
বিশ্বকাপ শুরুর আগে ব্রিটিশ চ্যানেল টিভিটককে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যানচেস্টার ইউনাইটেডে নিয়ে বোমা ফাটিয়ে এখন আলোচনার শীর্ষে রয়েছেন রোনালদো। তার কাছে মনে হয়েছে ক্লাব তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এমনকি ইউনাইটেডের মালিক গ্লেজার পরিবার নিয়েও বিষ্ফোরক মন্তব্য করে রোনালদো বলেছেন তারা শুধু অর্থই চেনে, ক্লাবের প্রতি তাদের কোন মায়া নেই। ম্যানইউ কোচ এরিক টেন হাগের প্রতিও তার এখন আর কোন শ্রদ্ধা নেই বলেই জানিয়েছেন পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার।
রোনালদো অবশ্য পর্তুগীজ সমর্থকদের আশ্বস্ত করে বলেছেন, এখন তার ভাবনায় শুধুই বিশ্বকাপ। বলা যায় ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে মাঠে নামবেন সিআর সেভেন।
পর্তুগালের বিশ্বকাপ ক্যাম্পেইনের অনুশীলনের সময় মিডফিল্ডার হুয়াও মারিও গণমাধ্যমের কাছে বলেন, ‘জাতীয় দলে সে (রোনালদো) সবসময়ই খুব খুশিতে থাকে। গতকালই তাকে আমি দেখেছি এবং তাকে দেখেই ভাল লেগেছে। জাতীয় দলে খেলাটা রোনালদো সবসময়ই উপভোগ করে। এই মুহূর্তে তার সব গুরুত্বই জাতীয় দলকে ঘিরে। ইউনাইটেড নিয়ে সে যে সময়ে সাক্ষাৎকার দিয়েছে এটা নিয়ে আমি কোন সমস্যা মনে করছি না।’
ম্যানইউ কোচ এরিক টেন হাগের অধীনে চলতি মৌসুমে মোটেই স্বস্তিতে নেই পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী রোনালদো। গত মাসে টটেনহ্যামের বিপক্ষে ২-০ গোলের জয়ের ম্যাচটিতে বদলি হিসেবে রোনালদোকে মাঠে নামানোর সময় পর্তুগীজ তারকা মাঠে নামতে অস্বীকৃতি জানান।
আন্তর্জাতিক ফুটবলে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রোনালদো এবারের মৌসুমে মাত্র ৪ ম্যাচে মূল একাদশে খেলেছেন। গোল করেছেন মাত্র একটি।
রোনালদোর পর্তুগাল আগামী ২৪ নভেম্বর ঘানার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে। গ্রুপ-এইচ’এ তাদের অন্য দুই প্রতিপক্ষ উরুগুয়ে ও দক্ষিণ কোরিয়া।
