কক্সবাজারের টেকনাফের পাহাড়ে খাদ্য সংকটে লোকালয়ে চলে আসছে বন্যহাতি। বুধবার (১৬ নভেম্বর) সকাল ১০টার দিকে টেকনাফ উপজেলা বাহারছড়া ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড জাহাজপুরা এলাকায় পাহাড় থেকে লোকালয়ে নেমে এসেছে বন্যহাতি।
স্থানীয় বাসিন্দা দারুস সালাম নিশান বলেন, সকালে শীলখালী রেঞ্জের জাহাজপুরা ৬নং ওয়ার্ড ইকোহেভিটেড নামে একটি বাগানে বড় একটি বন্যহাতি পাহাড় থেকে নেমে এসে আমলকী, জলপাই, পেয়ারা, আমড়া, আম, ডুমুর, জাম, বহেরা, পেঁপে, সজিনা, বাঁশসহ ন্যাচরাল লতাপাতা খাচ্ছে।
তিনি আরও বলেন, পাহাড়ের পর্যাপ্ত পরিমাণ বন্যহাতির খাদ্যের অভাব সৃষ্টি হওয়ায় পাহাড়ে থাকা হাতিগুলো প্রায় পাহাড় থেকে নেমে এসে গ্রামে ঢুকে পড়ে। এরপর মানুষের বসতঘরের কলাগাছ খায়। এবং বাড়িঘরে হামলা চালায়।
টেকনাফের শীলখালী রেঞ্জ কর্মকর্তা মো. শফিউল ইসলাম বলেন, পাহাড়ে খাদ্য সংকট তৈরি হওয়ায় বন্যহাতি লোকালয় চলে আসছে। এছাড়া হাতির আবাস্থল নষ্ট করে পাহাড়ে রোহিঙ্গা ক্যাম্প স্থাপনায় হাতির চলাচল বাড়ছে। তবে এ বিষয়ে স্থানীয় লোকজনকে সর্তক থাকার জন্য বলা হয়েছে।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা সরওয়ার আলম বলেন, শীত মৌসুমে ধান খাওয়ার জন্য পাহাড় থেকে হাতি নেমে আসে লোকালয়ে। যেখানে হাতির বসবাস ছিলো সেখানে মানুষের আনাগোনা বাড়ায় এ সমস্যা সৃষ্টি হয়।
তিনি আরও বলেন, আজকে শীলখালী জাহাজপুরা এলাকায় যে বন্যহাতি আসলো আমরা সেটি পাহাড়ের ভিতরে ফেরত পাঠানোর ব্যবস্থা করেছি।
