নদীর নব্যতা ও বেড়ীবাঁধ রক্ষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবে চাঁদপুরের মতলব উত্তরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম। শনিবার সকালে থেকে বিকাল পর্যন্ত উপজেলার গালিমখা, বাংলা বাজার, নন্দলালপুর, এনায়েতনগর, গাজীপুর নদী ও পাম্প হাউস, চরমাছুয়া, আমিরাবাদ, জহিরাবাদ, এখলাছপুর, মোহনপুর, কালীপুর ও বেলতলি বেড়ীবাঁধ ও মেঘনা ধনাগোদা নদী পরিদর্শন করেন এবং কয়েকটি স্থানে পথসভা করেন। পরে বিকালে উপজেলার কালিপুরে জনসভায় যোগদান করেন।
পথ-সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, 'বর্তমান সরকার নদী রক্ষায় বদ্ধ পরিকর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার নেত্রী, তিনি জানেন দেশের সার্বিক উন্নয়ন করতে হলে বাংলাদেশের নদ-নদী ও এর তীরবর্তী মানুষকে রক্ষা করতে হবে। তাইতো সরকার একদিকে যেমন নদীর ভাঙ্গন রোধে কাজ করে যাচ্ছে অন্যদিকে যে সকল নদী তার নাব্যতা হারিয়ে ফেলেছে সেকল নদীর নাব্যতা ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে।'
তিনি আরও বলেন, 'আমার বাড়িও মেঘনা এলাকায়। আমি জানি নদী তীরবর্তী মানুষ কিভাবে জীবন-যাপন করে। তাদের কথা বিবেচনা করে, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই বর্ষা মৌসুম শুরু হওয়ার পূর্বেই কিভাবে নদী ভাঙ্গন রোধ করা যায় সে লক্ষ্যে কাজ করছে। নদী ভাঙ্গন রোধে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নেওয়ার জন্য আমি বিভিন্ন ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করছি।'
এ সময় মতলবের নদী ভাঙ্গন প্রতিরোধে কাজ করার আশ্বাস দিয়ে তিনি জানান, 'মতলবকে আমার নিজের এলাকা মনে করে নদী ও বেড়ীবাঁধের সকল সমস্যা সমাধান করবো। আপনারা জেনে খুশি হবেন যে, ইতিমধ্যেই মেঘনা ধনাগোদা নদী ভাঙ্গন ও বেড়ীবাঁধ রক্ষায় ৫শ কোটি টাকা বরাদ্দ হয়েছে।'
আরও পড়ুন: টেকনাফে প্রায় দেড় লাখ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
পথ-সভায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য এ্যাড. নুরুল আমিন রুহুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস। সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট রুহুল আমিন।
এ সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মাহফুজুর রহমান, প্রকল্প পরিচালক এস এম শফিকুল হকসহ অন্যান্য কর্মকর্তারা, মতলব উত্তর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন সুফল, নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন মাস্টার , সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, আ.লীগ নেতা আলহাজ্ব নাছির উদ্দিন সরকার, গাজী মুক্তার, আক্তার হোসনে, মিজানুর রহমান, হারিছ মাহমুদ রিপন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, স্বেচ্ছাসেবক লীগ নেতা জানাল হোসেন নাহি,আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।
ইত্তেফাক/জেডএইচডি
