বাপ-দাদার ঐতিহ্য ধরে রাখতে মহিষের গাড়িতে বিয়ে

আপডেট : ১৮ নভেম্বর ২০২২, ২২:০৪

বাপ-দাদার ঐতিহ্য ধরে রাখতে মহিষের গাড়িতে বিয়ে করতে গেলেন বর উপ-সহকারী মেডিকেল অফিসার উমর ফারুক। বর উমর ফারুক কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা মুসুল্লিপাড়া গ্রামের ফজলুল হকের ছেলে। 

ফারুকের সঙ্গে কথা হলে তিনি জানান, তার বাপ-দাদারা বিয়ে করেছেন কেউ হাতির পিঠে চড়ে, কেউ মহিষের গাড়িতে চড়ে। বংশের ঐতিহ্য ধরে রাখতে তিনিও মহিষের গাড়িতে চড়ে বিয়ে করবেন বলে স্বপ্ন দেখেন। সেই স্বপ্নকে বাস্তবায়ন ও বংশের ঐতিহ্য ধরে রাখতে ফারুক শুক্রবার (১৮ নভেম্বর) বিকালে মহিষের গাড়িতে বিয়ে করতে যান পার্শ্ববর্তী জেলা লালমনিরহাট সদর উপজেলার কুলাহাট এলাকায়। 

ফারুক কুলাহাট এলাকার বেলাল হোসেনের মেয়ে বিলকিস আক্তারের সঙ্গে ৯ লাখ টাকা দেনমোহরে বিয়ে সম্পন্ন করেছেন বলে নিশ্চিত করেছেন বিয়ের ঘটক রাজু সরকার।

ছবি: প্রতিনিধি

ঘটক রাজু সরকার জানান, ছেলে ও ছেলের পরিবারের ইচ্ছা ও তাদের বংশের ঐতিহ্য ফিরে আনতে ছেলে মহিষের গাড়িতে চড়ে বিয়ে করতে যান। অনেক বছর পর মহিষের গাড়িতে চড়ে বিয়ে করতে যাওয়ার সময় বর- কনের বাড়িতে শতশত মানুষের ঢল নামে। এমন কি যখন পাত্র মহিষের গাড়িতে বিয়ে করতে কনের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। তখন ফুল দিয়ে সাজানো মহিষের গাড়িতে বরকে একনজর দেখতে ভিড় জমে যায়। পাশাপাশি বরসহ মহিষের গাড়ির ছবি তুলতে হুড়োহুড়ি লেগে যায়। সঙ্গে সঙ্গে ফেসবুকে ছড়িয়ে পড়ে এবং তোলপাড় শুরু হয়। সব মিলে মহিষের বাড়িতে চড়ে বর বিয়ে করতে যাওয়ায় সেই হারানো দিনগুলি কথা অনেকের মনে পড়ে যায়।

ছবি: প্রতিনিধি

লালমনিরহাট সদরে শেখ হাসিনা ধরলা সেতুতে বেড়াতে আসা রায়পাড়া এলাকার দীলিপ চন্দ্র রায় ও বালারহাট এলাকার বিকাশ চন্দ্র রায় জানান, বরকে মহিষের গাড়িতে বিয়ে করতে যাওয়ার দৃশ্য দেখে মুগ্ধ হয়েছেন। সেই সঙ্গে পুরাতন ঐতিহ্য ধরে রাখার জন্য সকালকে এগিয়ে আসার আহ্বান করেন।

ইত্তেফাক/পিও