পাঁচ যুগেরও বেশি সময় ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত আছেন দেশের গুণী শিল্পী আবুল হায়াত। শুধু অভিনেতাই নন, তিনি পরিচালক ও চিত্রনাট্যকার হিসেবেও কাজ করছেন দীর্ঘদিন এবং কুড়িয়েছেন সুনাম। এই অভিনেতার কর্মময় জীবনের বিশালতা ও অবদান অনেক বেশি। তার অবদানকে স্বীকৃতি জানাতে দেওয়া হলো আজীবন সম্মাননা।
১৮ নভেম্বর সন্ধ্যায় দীপ্ত টেলিভিশন তাদের ৭ম বর্ষপূর্তিতে প্রদান করেছে ‘দীপ্ত অ্যাওয়ার্ড-২০২২’। অনুষ্ঠানে গুণী এই অভিনেতার হাতে পুরস্কার তুলে দেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।
পুরস্কার প্রাপ্তির পর আবুল হায়াত বলেন, ‘আজ মনে পড়ছে ৬৮ বছর আগের কথা। যেদিন প্রথম আমি আমার বাড়ির চৌকি, মায়ের শাড়ি, বিছানার চাদর, চেয়ার-টেবিল এবং লাইট নিয়ে এসে টিপু সুলতান নাটকে অভিনয় করেছিলাম। সেই থেকে ৪৮ বছর পেরিয়ে গেছে। অনেক লম্বা একটা জার্নি। এর মধ্যে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অভিনয় করেছি। থিয়েটার গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে অভিনয় করেছি। এছাড়া টেলিভিশন, মঞ্চ, বিজ্ঞাপন, সিনেমাসহ এমন কোনো জায়গা নেই যেখানে অভিনয় করিনি।’
তিনি বলেন, ‘সবচেয়ে আমি নিজেকে ভাগ্যবান মনে করি-১৯৬৮ থেকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের আগ মুহূর্ত পর্যন্ত সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে আমি জড়িত থাকতে পেরেছি। এটা আমার জীবনের একটা বিরাট বড় পাওয়া। এই জার্নিতে যারা আমাকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন তাদের মধ্যে প্রথম হলেন আমার বাবা-মা। তাদের আশ্রয় প্রশ্রয়ে আমি এখানে আসতে পেরেছি। কিন্তু যিনি আমাকে অভিনয়ে অনুপ্রাণিত করেছিলেন তিনি হলে অমলান্দ বিশ্বাস। তাকে আজ শ্রদ্ধা ভরে স্মরণ করছি। এরপর আমার বন্ধু-বান্ধব, পরিবার, আত্মীয় স্বজনসহ আমার সমস্ত সহকর্মী আমার এই পুরস্কারের ভাগীদার।’
একই অনুষ্ঠানে আবুল হায়তকে উত্তরীয় প্রদান পরিয়ে দিচ্ছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।
১৯টি ক্যাটাগরিতে দর্শক ‘দীপ্ত অ্যাওয়ার্ড ২০২২’ পুরস্কার দেওয়া হয়েছে। ক্যাটাগরি ও বিভাগগুলো হলো-একক নাটক (আলোচিত একক নাটক, অভিনয়শিল্পী-পুরুষ,অভিনয়শিল্পী-নারী), ধারাবাহিক নাটক (আলোচিত ধারাবাহিক নাটক, অভিনয়শিল্পী- পুরুষ, অভিনয়শিল্পী-নারী, পার্শ্ব অভিনয়শিল্পী- পুরুষ, পার্শ্ব অভিনয়শিল্পী- নারী), দর্শক জরিপে ডিজিটাল প্লাটফর্মে একক নাটক (আলোচিত একক নাটক, অভিনয়শিল্পী- পুরুষ, অভিনয়শিল্পী- নারী), ডাবিং সিরিয়াল (আলোচিত ডাবিং সিরিয়াল, কণ্ঠাভিনয় শিল্পী-পুরুষ, কণ্ঠাভিনয় শিল্পী-নারী, কণ্ঠাভিনয় শিল্পী পার্শ্ব- পুরুষ, কণ্ঠাভিনয় শিল্পী পার্শ্ব নারী) এবং আলোচিত উপস্থাপক।

স্পটিফাই-এ জুনায়েদ ইভান