দিল্লিতে আগামী ৪ ডিসেম্বর পুরসভা নির্বাচন। তা নিয়ে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। দিল্লিতে পৌরসভা গত ১৫ বছর ধরে বিজেপির দখলে। এবার পৌরসভার দখল পেতে উঠেপড়ে লেগেছে আপ। এই অবস্থায় রোজই রাজনৈতিক সভা ও সমাবেশ হচ্ছে। মাটিয়ালার বিধায়ক গুলাব সিং যাদবও কর্মীদের নিয়ে সভা করছিলেন। সেখানেই উত্তেজিত কিছু কর্মী আপ বিধায়ককে প্রবল মারধর করে। কোনোরকমে প্রাণ বাঁচাতে পালিয়ে যান বিধায়ক। খবর ডয়চে ভেলের।
বিজেপির অভিযোগ, আপ বিধায়ক পৌরসভা নির্বাচনে টিকিট বিক্রি করছিলেন। তা নিয়েই গোলমাল লেগেছিল। কিন্তু আপের তরফ থেকে এখনো এই বিষয়ে কিছু জানানো হয়নি।
সোমবার (২১ নভেম্বর) স্থানীয় সময় রাত আটটা নাগাদ শ্যাম বিহারে কর্মীসভা করছিলেন গুলাব সিং যাদব। সেখানেই কিছু কর্মী উত্তেজিত হয়ে কিছু বলতে থাকেন। শেষ পর্যন্ত তা হাতাহাতিতে পরিণত হয়।
বিধায়কের কলার ধরে তাকে মারধর শুরু করে। এর পরের দৃশ্য হলো বিধায়ক পালাতে চাইছেন, আর কিছু মানুষ তাকে মারছে। শেষ পর্যন্ত কোনোরকমে নিজেকে ছাড়িয়ে বিধায়ক দৌড় দেন। কয়েকজন তার পিছনে দৌড়ায়।
বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র এক টুইটার পোস্টে জানান, সৎ রাজনীতির নামে এই নাটক চলছে। আপের দুর্নীতি এমন একটা জায়গায় পৌঁছেছে, যেখানে কর্মীরা বিধায়ককে পর্যন্ত ছাড়ছে না। পৌরসভা নির্বাচনেও তাদের এই অবস্থা হবে।
বিজেপি এদিন একটি ভিডিও প্রকাশ করে দাবি করে, আপ নেতারা টিকিট বিক্রি করছেন। এদিকে গুলাব সিংয়ের অভিযোগ, পুরো ঘটনার পিছনে বিজেপি আছে। তিনিও টুইটারে জানান, তিনি থানায় এসে দেখেন বিজেপির পৌরসভা কমিশনার ও প্রার্থী থানায় এসে আক্রমণকারীদের বাঁচাতে চাইছেন।
