পাবনার বেড়া উপজেলার একটি প্রাইভেট কারসহ (ঢাকা মেট্রো গ- ৩৯-৭৪৮৩) চার বিদেশিকে আটক করেছে আমিনপুর থানা পুলিশ। শনিবার (১৫ জুন) বেলা আড়াইটার দিকে উপজেলার কাশীনাথপুর ট্রাফিক মোড় থেকে তাদের আটক করা হয়। এরা সবাই ইরানি নাগরিক।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম জানান, চার বিদেশি ঢাকা-পাবনা মহাসড়ক হয়ে পাবনা থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। দুপুর ২টার দিকে সুজানগর উপজেলার চিনাখড়া বাজারে তারা একটি দোকানে গিয়ে বাংলাদেশি এক হাজার টাকার একটি নোট ভাঙানোর কথা বলে খুচরা টাকা নিয়ে নেন। কিন্তু তারা হাজার টাকার নোটটি না দিয়ে দ্রুত গাড়ি নিয়ে সটকে পড়েন। এ সময় চিনাখড়া বাজারের ব্যবসায়ীরা আমিনপুর থানায় এই বিদেশিদের ছিনতাইকারী সন্দেহে অভিযোগ দেন। পরবর্তীতে বেলা আড়াইটার দিকে পুলিশ কাশীনাথপুর মোড় থেকে প্রাইভেটকারটিসহ চার বিদেশিকে চ্যালেঞ্জ করে আমিনপুর থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়।
তিনি আরও জানান, 'তারা ইংরেজি ভাষা বোঝেন না। তাই আরবিতে পারদর্শী ব্যক্তি থানায় নিয়ে আসা ছাড়া তাদের সম্বন্ধে বিস্তারিত জানাও সম্ভব হচ্ছে না। যেটুকু তারা ভাব বিনিময় করতে পেরেছেন, তাতে তারা কারো টাকা নিয়ে পালানোর কথা অস্বীকার করেছেন।'
আরও পড়ুন: বাংলাদেশ খাদ্য উদ্বৃত্তের দেশে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী
এদিকে সাঁথিয়া উপজেলার কাবারিকোলা গ্রামের বাসিন্দা ও কাশীনাথপুরের গোল্ডলীফ সিগারেট কোম্পানীর এসআর (সেলস্ রিপ্রেজেন্টেটিভ) রওশন আলী জানান, 'এ রকম একটি ইরানি গ্রুপ গত ৩ দিন আগে তাকে বেশি কমিশন দিয়ে ডলার ভাঙিয়ে নেওয়ার কথা বলে ৪৬ হাজার টাকা হাতিয়ে নেয়। কিন্তু দিয়ে যাইয় জাল ডলার, যা পরে শনাক্ত করা হয়। এরা সেই গ্রুপের লোক কিনা তা জানার জন্য তার কোম্পানীর লোক আমিনপুর থানায় গেছেন।'
ইত্তেফাক/জেডএইচডি
