আড়াইহাজারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে প্রকাশ্যে ২০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
উচিত্পুরার এজেন্ট ব্যাংকের মালিক জোবাইরুল বাশার জানান, ইসলামী ব্যাংক আড়াইহাজার শাখা থেকে টাকা উত্তোলন করে এজেন্ট ব্যাংকিংয়ের প্রতিনিধি সাব্বির হোসেন টাকাগুলো নিয়ে উচিত্পুরা এজেন্ট ব্যাংকিংয়ের শাখায় জমা দিতে মোটরসাইকেলে করে রওয়ানা দেন। এ সময় দক্ষিণপাড়া পৌঁছালে প্রাইভেটকারে চার-পাঁচ জন সদস্যের একটি দল তাকে পথরোধ করে।
এসময় তারা নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে সাব্বিরকে আটক করে এবং হাতকড়া পরিয়ে টাকাসহ তাকে গাড়িতে তুলে নিয়ে যায়। ঘটনার কিছুক্ষণ পরে তাকে মারধর করে উপজেলার সাতগাঁম এলাকায় ফেলে দিয়ে টাকা নিয়ে চলে যায় প্রতারক চক্রের সদস্যরা। পরে আহত সাব্বিরকে প্রথমে ভুলতা পরে আড়াইহাজার হাসপাতালে ভর্তি করা হয়।
আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, ভুক্তভোগীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
