চলছে মহিলা আওয়ামী লীগের সম্মেলন, মঞ্চে প্রধানমন্ত্রী

আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ১৬:৩২

আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগের ষষ্ঠ জাতীয় সম্মেলন চলছে। এতে অংশ নিতে ইতোমধ্যে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২৬ নভেম্বর) বিকেলে সম্মেলনস্থলে যান তিনি। এ সময় তাকে স্বাগত জানান মহিলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা। পরে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয় প্রধানমন্ত্রীকে।

মহিলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা

এর আগে, সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা সম্মেলনস্থলে সমবেত হন। নারী নেত্রীদের ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুনে ছেয়ে গেছে সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকা।

উদ্বোধনী অধিবেশন শেষে কাউন্সিল অধিবেশনে সংগঠনের শীর্ষ দুই নেত্রী নির্বাচন করা হবে। কাউন্সিলররা নেতৃত্ব নির্বাচনের ক্ষমতা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ওপর অর্পণ করবেন। একইসঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটিও ঘোষণা করা হতে পারে।

মহিলা আওয়ামী লীগের সম্মেলন। ছবি: ফোকাস বাংলা

প্রসঙ্গত, মহিলা আওয়ামী লীগ ১৯৬৯ সালের ২৭ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে নারীদের সবচেয়ে বড় সংগঠন মহিলা আওয়ামী লীগ। এই সংগঠনে এবার যারা নেতৃত্বে আসবেন, তাদের আগামী জাতীয় সংসদ নির্বাচনকালীন পরিস্থিতি সামলাতে হবে। নিজেদের যোগ্য প্রমাণে মরিয়া মহিলা নেত্রীরা।

ইত্তেফাক/এসকে