মেয়েকে অন‍্যত্র বিয়ে দেওয়ায় বাবাকে পেটানোর অভিযোগ

আপডেট : ২৮ নভেম্বর ২০২২, ১৮:৩২

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নিশাপটে মেয়েকে অন‍্যত্র বিয়ে দেওয়ায় সমুজ আলী (৫০) নামে এক বাবাকে পিটিয়ে আহত করেছে একদল প্রভাবশালী। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ রয়েছে, সমুজ আলীর মেয়েকেও গ্রাম ছাড়া করেছে ওই প্রভাবশালীরা। 

জানা যায়, নিশাপট করকর হাটির সমুজ আলী তার মেয়েকে প্রায় ২ মাস আগে চুনারুঘাট উপজেলার শাকির মোহাম্মদ গ্রামের তাহির চৌধুরীর সঙ্গে বিয়ে দেন। সমুজ আলী কেন তার মেয়েকে তাহির চৌধুরীর সঙ্গে বিয়ে দিয়েছেন এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে কয়েকজন প্রভাবশালী প্রতিবেশী তাদের সহযোগীদের নিয়ে সমুজ আলীকে শাসিয়ে যায় এবং তার মেয়েকে নিশাপট করকরহাটি আসতে নিষেধ করে। তাদের ভয়ে বাবার বাড়িতে আসা ছেড়ে দেয় মেয়েটি। সম্প্রতি পিতার অসুস্থতার খবর পেয়ে মেয়ে বাবাকে দেখতে এলে তাকে মারধর করে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় শায়েস্তাগঞ্জ থানায় অভিযোগ দিলে বিষয়টি শায়েস্তাগঞ্জ থানা পুলিশ সমাধান করে দেয়। তারপরও তারা শান্ত হয়নি। 

আহত সমুজ আলীর অভিযোগ, রোববার (২৭ নভেম্বর) রাতে তাকে ঘর থেকে ধরে নিয়ে মারধর করা হয়েছে। স্থানীয় লোকজন উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। 

শায়েস্তাগঞ্জ থানার এস আই জসিম উদ্দীন জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়ে খবর নিয়েছি। অপরাধীদের ধরতে অভিযান চলছে। 

ইত্তেফাক/পিও