ব্রিটেনের ১০০টি কোম্পানিতে সপ্তাহে চারদিন অফিস

আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ১২:৪২

যুক্তরাজ্যের ১০০টি কোম্পানি পাঁচ দিনের পরিবর্তে চার দিন কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিষ্ঠানগুলোতে সপ্তাহান্ত এখন দুই দিনের পরিবর্তে তিন দিন। সপ্তাহে কর্মদিবস কমলেও তাদের বেতন কমবে না। গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।  

প্রতিবেদনে বলা হয়, হঠাৎ করেই ব্রিটেনের কোম্পানিগুলো চার দিনের কাজের সপ্তাহের নিয়ম চালু করেনি। এ নিয়ে বিভিন্ন গবেষণা করা হয়েছে। অনেক কর্মী ও বিশেষজ্ঞদের মতে, সপ্তাহে একটি অতিরিক্ত দিন ছুটি আপনার মনকে সতেজ রাখে। সপ্তাহে চার দিন কাজ করলে কর্মচারীদের মধ্যে কাজের আগ্রহ বাড়বে বলেও মনে করেন মালিকপক্ষ। 

এই সিদ্ধান্তের ফলে ১০০টি প্রতিষ্ঠানের দুই হাজার ৬০০ কর্মী এখন সপ্তাহে তিন দিন ছুটি পাবেন। চার দিনের কাজ চালু করা নিয়ে কয়েকটি প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানিয়েছেন, পুরনো অর্থনৈতিক ব্যবস্থায় পাঁচ দিনের কাজের প্রচলন ছিল। এখন এটি একটি খুব পুরানো ধারণা। চারদিনের কাজ কর্মীদের কর্মদক্ষতা বাড়াবে বলে মনে করেন তারা। সংস্থাগুলো বিশ্বাস করে, কর্মচারীরা আরও ভাল পারফর্ম করতে সক্ষম হবে।

 ১০০টি প্রতিষ্ঠানের দুই হাজার ৬০০ কর্মী এখন সপ্তাহে তিন দিন ছুটি পাবেন।

কর্মীদের মতে, সপ্তাহে পাঁচ দিন কাজ করলে কাজের প্রতি আগ্রহের অভাব তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। কাজ ঠিকভাবে সম্পন্ন করতে পারতেন না। মানসিক চাপ অনুভব করতেন। তারা সপ্তাহে চার দিন কাজের সময় নির্ধারণের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। কর্মীরা জানিয়েছেন, এতে তারা কোনো চাপ ছাড়াই ভালো কাজ করতে পারবেন।

ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, এই পদ্ধতি কর্মীদের দক্ষতা বৃদ্ধি করবে। যুক্তরাজ্যের দুইটি বড় কোম্পানি চার দিনের কর্ম সপ্তাহ চালু করছে। অ্যাটম ব্যাংক ও গ্লোবাল মার্কেটিং এজেন্সি আউইন। দুইটি প্রতিষ্ঠানে কর্মচারী রয়েছেন সাড়ে চারশ। 

যুক্তরাজ্যের দুইটি বড় কোম্পানি চার দিনের কর্ম সপ্তাহ চালু করছে।

অ্যাউইনের প্রধান নির্বাহী অ্যাডাম রস জানান, চার দিনের কর্ম সপ্তাহের নিয়ম প্রবর্তন কোম্পানির ইতিহাসে অন্যতম সেরা উদ্যোক্তা সিদ্ধান্ত। দেড় বছর পরীক্ষামূলকভাবে চার দিন ধরে কাজ করা হয়েছে আউইনে। 

এরপর অ্যাডাম রস বলছেন, 'এ সময়ে আমরা কর্মীদের মধ্য সুস্থ থাকার হার বাড়তে দেখেছি। একই সঙ্গে আমাদের গ্রাহক পরিষেবা এবং গ্রাহকদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আরও এগিয়েছি আমরা।'

অ্যাউইনের প্রধান নির্বাহী অ্যাডাম রস

এই ১০০ সংস্থা সপ্তাহে চার দিনের কাজের নিয়ম চালু নিয়ে হয়েছে গবেষণা। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, বোস্টন কলেজের মতো প্রতিষ্ঠানগুলো এ নিয়ে গবেষণা করেছে। এ বিষয়ে বিশ্বের বিভিন্ন প্রকল্পের সঙ্গে জড়িত প্রায় ৭০টি প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলা হয়েছে। তারাই চার দিনের কাজের প্রবর্তনের প্রস্তাব করেছিলেন। 

এসব প্রতিষ্ঠানের সমীক্ষায় দেখা গেছে, ৮৮ শতাংশ প্রতিষ্ঠান চার দিনের কাজের ব্যাপারে একমত। এ নিয়ম পরীক্ষামূলকভাবে চালু থাকা প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, এতে কর্মীরা আরও কর্মদক্ষ হয়ে উঠছেন। এরপরই প্রযুক্তি, ইভেন্ট ও বিপণনে কাজ করা বিভিন্ন কোম্পানি চার দিনের কাজের সপ্তাহের নিয়ম চালু করে।

ইত্তেফাক/ডিএস