বাজিতে গরম চা খেয়ে রোহিঙ্গা যুবকের মৃত্যু

আপডেট : ০২ ডিসেম্বর ২০২২, ১২:৫০

কক্সবাজারের ঈদগাঁওতে বন্ধুদের সঙ্গে বাজি ধরে গরম চা খেতে গিয়ে কন্ঠনালী পুড়ে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাতে ঈদগাঁওর নতুন অফিস বাজারের তাওয়াককুল জুস কর্নারে এ ঘটনা ঘটে।

মৃত মো.মোস্তফা (২৪) উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির জানান, তিন বন্ধু একটা চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। কথার ছলে তাদের মধ্যে গরম চা খাওয়ার বাজি চলে। গরম চা খেতে গিয়ে যুবকের গলা (কন্ঠনালী) পুড়ে যন্ত্রণা শুরু হয়।  এ সময় তাকে ঠাণ্ডা পানীয় ও আইসক্রিম খাওয়ানো হলে তিনি নিস্তেজ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে রয়েছে।

ওসি জানান, এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

ইত্তেফাক/আরএজে