আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আমরা ক্ষমতায় আছি, অশান্তি চাই না। বাংলাদেশ ছাত্রলীগের সম্মেলন হওয়ার কথা ছিল ডিসেম্বর মাসের ৮ তারিখে। বিএনপির ১০ ডিসেম্বর গণসমাবেশের কারণে তা পিছিয়ে ৬ ডিসেম্বর আনা হয়েছে। বাস মালিকদের অনুরোধ করেছি তারা যেন বিএনপির সমাবেশের সময় ধর্মঘট না করে’।
শুক্রবার (২ নভেম্বর) বিকেল ৫টায় বসুরহাট হাইস্কুল মাঠে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির আন্দোলন হচ্ছে আগুন সন্ত্রাস ও জঙ্গীবাদের পৃষ্ঠপোষকতা করা। সাম্প্রদায়িকতার বিশ্বস্ত ঠিকানা হচ্ছে বিএনপি। কয়েকদিন আগে কাঁচপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ঢাকা-সিলেট সড়কের ভিত্তিপ্রস্তর রাতের অন্ধকারে পুড়িয়ে দিয়েছে। গত পরশুদিন রাত ১২টার পরে মতিঝিলে বিআরটিসি একটি দো-তলা বাস ভয়াবহভাবে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দিয়েছে’।
তিনি আরও বলেন, ‘জিয়াউর রহমান ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডে মদদ দিয়েছেন। আর তারেক রহমান ২০০৪ সালের ২১ আগস্ট হাওয়া ভবনে বসে গ্রেনেড হামলা চালিয়েছেন। তারেক রহমান বলেন আমরা নাকি সবাই দেশ ছেড়ে পালাবো। পালিয়ে গেছেতো তারেক, ২০০৮ সালে রাজনীতি করবে না বলে মুচলেকা দিয়ে লন্ডনে পালিয়েছে’।
সম্মেলন উদ্বোধন করেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম, বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
সম্মেলন শেষে আবু সাঈদ আল মাহমুদ স্বপন কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাকে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদলকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন।
