নড়াইলে তাস খেলা নিয়ে বিরোধের জেরে স্বাগত বৈরাগী (২৫) নামে একজনকে কুপিয়ে হত্যা করার অভিযোগ করেছে তার পরিবার। শুক্রবার (৩ ডিসেম্বর) মধ্যরাতে জেলার সদর থানার সিংগা শোলপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহত স্বাগত বৈরাগী একই গ্রামের খোকন বৈরাগীর ছেলে।
পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, শুক্রবার রাতে স্বাগত বৈরাগী তার বাড়ির পাশে বিধানের মোড়ে চায়ের দোকানে বন্ধুদের সঙ্গে ব্রাজিল ক্যামেরুনের খেলা দেখার জন্য খেচুড়ি রান্না করে খাওয়া শেষে তাস খেলতে থাকে। তাস খেলার সময় তাস লুকিয়ে রাখার কারণে তার বন্ধু পিন্টুর সঙ্গে হাতাহাতি হয়। পরে অন্য বন্ধুরা মিলে মীমাংসার জন্য চায়ের দোকানে কথা বার্তার এক পর্যায়ে পিন্টু ধারালো অস্ত্র দিয়ে স্বাগতকে আঘাত করে দৌঁড়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভ্যান যোগে নড়াইল আধুনিক সদর হাসপাতালে আনলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। স্বাগত বৈরাগীর দেশের বিভিন্ন এলাকায় সনাতন ধর্মীয় কীর্তন শিল্পী হিসাবে পরিচিত আছে।
নড়াইল সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, স্বাগত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান শুরু হয়েছে। আশা করি দ্রুত এ হত্যাকাণ্ডের ক্লু উদঘাটিত হবে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিলো।
