গোল আর ম্যাচসেরার পুরস্কারেই ১০০০তম ম্যাচ রাঙালেন মেসি

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২, ০৪:০০

মাঠে নেমেই ছুঁয়ে ফেলেছিলেন অনন্য এক মাইলফলক। নিজের ক্যারিয়ারের ১০০০তম ম্যাচ, মাইলফলক ছোঁয়ার ম্যাচটিকেও গোল করেই স্মরণীয় করে রাখলেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। শুধু গোলই নয়, হাজারতম ম্যাচে ম্যাচসেরার পুরস্কারটিও উঠেছে মেসির হাতেই।

ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপের নক-আউট রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে আর্জেন্টিনা। এই ম্যাচ খেলতে নেমেই ১০০০তম ম্যাচ খেলার মাইলফলক ছুঁয়ে ফেলেন মেসি। আর এই ম্যাচে আর্জেন্টিনাকে প্রথমে এগিয়ে নেওয়া গোলটি করে ১০০০তম ম্যাচে গোল করার অনন্য নজিরও গড়লেন সাতবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার। এই নিয়ে প্রতিযগিতামূলক ম্যাচে মেসির গোল দাঁড়ালো ৭৮৯ টি। 

ছবি: সংগৃহীত

১০০০ ম্যাচের মধ্যে আর্জেন্টিনার জার্সি গায়ে মেসি খেলেছেন ১৬৯ ম্যাচ। সবচেয়ে বেশি ৭৭৮টি ম্যাচ খেলেছেন সাবেক ক্লাব বার্সেলোনার হয়ে, আর বর্তমান ক্লাব পিএসজির হয়ে খেলেছেন ৫৩ ম্যাচ।   

নক-আউট পর্বের ম্যাচের ৩৬ মিনিটে অস্ট্রেলিয়ার জালে বল জড়িয়ে ১০০০তম ম্যাচে গোল করে ম্যাচটিকে স্মরণীয় করে রাখলেন মেসি।

ছবি: সংগৃহীত

এদিকে, এটিই বিশ্বকাপের নক-আউট পর্বে করা মেসির প্রথম গোল। এই নিয়ে বিশ্বকাপের মঞ্চে ৯ গোল করলেন এলএম টেন। 

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের এই নবম গোল দিয়ে এমসি ছাড়িয়ে গেলেন আর্জেন্টিনার জার্সি গায়ে ম্যারাডোনার করা ৮ গোলের মাইলফলক। এখন আলবিসেলেস্তাদের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের সংখ্যায় ১০ গোল নিয়ে শুধুমাত্র গ্যাব্রিয়েল বাতিস্তুতা রয়েছেন মেসির ওপরে। 

ইত্তেফাক/এসএস