কক্সবাজারের টেকনাফে নোঙর করা পর্যটক জাহাজ কেয়ারী ক্রুজ অ্যান্ড ডাইনে লাগা আগুন তিন ঘণ্টার পর নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। রোববার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দমদমিয়া এলাকায় কেয়ারীর নিজস্ব ঘাটে এ অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টেকনাফ স্টেশনের কর্মকর্তা মুকুল কুমার নাথ জানান, সকাল ৮টার দিকে কেয়ারীর নিজস্ব ঘাটে নোঙর করা ওই পর্যটক জাহাজে হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় তিন ঘণ্টার চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছিল। এতে জাহাজের উপরের অংশ-পার্ল লাউঞ্জ পুরোটাই পুড়ে গেছে।
এতে প্রায় ৫০ থেকে ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন জাহাজের ইনচার্জ শাহ আলম।
তিনি জানান, কেয়ারী সিন্দাবাদ ও কেয়ারী ক্রুজ অ্যান্ড ডাইন নামে দু'টি পর্যটকবাহী জাহাজ নিজস্ব ঘাট দিয়ে টেকনাফ-সেন্টমার্টিন যাতায়াত করতো। কিন্তু এ বছর নাফ নদীর নাব্যতা সংকট দেখিয়ে সরকার টেকনাফ থেকে জাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখে। এ অবস্থায় ঘাটে দাঁড়িয়ে থাকা জাহাজে হঠাৎ আগুন লেগে এই ক্ষয়ক্ষতি হয়েছে। এতে কেউ আহত হয়নি বলে জানা গেছে।
