পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র ও গৃহবধূর মৃত্যু

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২, ১৬:৫৪

সড়ক দুর্ঘটনায় বরিশালের আগৈলঝাড়ায় চয়ন দাস নামের এক কলেজ শিক্ষাথীর মৃত্যু হয়েছে। শনিবার (৩ ডিসেম্বর) বিকেলে বাসচাপায় মোটরসাইকেল আরোহী চয়ন নিহত হয়েছেন। নিহত চয়ন দাস আগৈলঝাড়া উপজেলার গৈলা এলাকার মন্টু দাসের ছেলে। অন্যদিকে পৃথক সড়ক দুর্ঘটনায় উপজেলার রাজিহার ইউনিয়নের লখারমাটিয়া গ্রামের দুখিরাম বৈদ্যের স্ত্রী রেখা রানী বৈদ্য (৪০) নামে এক গৃহবধূও নিহত হয়েছেন। 

আগৈলঝাড়া থানার সার্জেন্ট মো. সুমন এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানায়, চয়ন বরিশাল থেকে নিজ বাড়ি আগৈলঝাড়ায় যাচ্ছিল। পথিমধ্যে বাটাজোর বাইচখোলা নামক এলাকায় শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাস পিছন থেকে তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চয়ন দাস নিহত ও জয় দাস গুরুতর আহত হন। 

নগরীর নাজির মহল্লা এলাকার গৌরাঙ্গ দাসের ছেলে মোটরসাইকেল চালক জয় দাস শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও বাস আটক করা হয়েছে।

আগৈলঝাড়া থানা ওসি গোলাম ছরোয়ার জানান, উপজেলার রাজিহার ইউনিয়নের লখারমাটিয়া গ্রামের দুখিরাম বৈদ্যের স্ত্রী রেখা রানী বৈদ্য (৪০) শনিবার বিকালে বাড়ি থেকে গৌরনদী যাচ্ছিল। নীমতলায় নামক স্থানে পৌছালে ভ্যানের চাকায় কাপড় পেচিয়ে ভ্যান থেকে পড়ে যায়। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ইত্তেফাক/পিও