নওগাঁয় মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে ট্রাক্টর চালক নিহত

আপডেট : ১৬ জুন ২০১৯, ১৪:৩৩

নওগাঁর মান্দায় মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর চালক বাবু (২৮) নিহত হয়েছেন।

রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ঘাটকৈর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত বাবু কুসুম্বা ইউনিয়নের ছোট-বেলালদহ গ্রামের সামসুল ইসলামের ছেলে।

আরও পড়ুন: তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে

প্রত্যক্ষদর্শীরা জানায়, নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের মান্দা উপজেলার ফেরিঘাট থেকে ট্রাক্টর নিয়ে চালক বাবু নিয়ামতপুরের দিকে যাচ্ছিলেন। ফেরিঘাট-নিয়ামতপুর সড়কের ঘাটকৈর নামক স্থানে রাস্তার মোড়ে বিপরীত দিক থেকে এক মোটরসাইকেল আরোহী আসছিলেন। ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক্টরের নিচে চাপা পড়ে চালক বাবু গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/এমআরএম