সংবাদ সংগ্রহের সময় প্রেস ক্লাবের সামনে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন ইত্তেফাকের মাল্টিমিডিয়া রিপোর্টার আল হাসিব পান্থ ও মানবজমিনের মাল্টিমিডিয়া রিপোর্টার আব্দুল্লাহ আল মারুফ। এসময় হামলাকারীরা তাদের তিনটি মোবাইল ফোন ও মাইক্রোফোন ছিনিয়ে নেয়।
রোববার (৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাব এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ইত্তেফাকের সংবাদকর্মী হাসিব পান্থ বলেন, ‘সংবাদ সংগ্রহ করার সময় দুর্বৃত্তরা আমাদের ওপর আক্রমণ করে। এসময় আমার আইফোন ইলেভেন প্রো, মানিব্যাগে থাকা টাকা ছিনিয়ে নেয়। কিছু বুঝে উঠার আগেই তারা আমার ওপর অতর্কিত আক্রমণ করে। এ সময় ঘটনাস্থলে পুলিশও উপস্থিত ছিল।’
হামলায় শিকার মানবজমিনের প্রতিবেদক আব্দুল্লাহ আল মারুফ বলেন, ‘প্রেস ক্লাব এলাকায় আমরা নিউজ কাভার করতে আসি। এ সময় ইসলামী ব্যাংকের শেয়ার হোল্ডার এবং গ্রাহক অধিকার সংরক্ষণ পরিষদের মানববন্ধনের নিউজ কাভার করার জন্য দাঁড়ালে মুহূর্তেই কয়েক’শ ছেলে স্লোগান দিয়ে হামলা শুরু করে। আমরা সাংবাদিক পরিচয় দেওয়ার পরেও আমাদের ওপর অতর্কিত হামলা করে। এ সময় তারা আমার দু’টি মোবাইল ফোন, মানিব্যাগ, আইডি কার্ড ও সঙ্গে থাকা আরেকটি ব্যাগ নিয়ে যায়।’
