নক আউটে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২, ১৭:১৬

কাতার বিশ্বকাপে নক আউট পর্বে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে টুর্নামেন্টের হট ফেভারিট ব্রাজিল। সোমবার (৫ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ১ টায় স্টেডিয়াম ৯৭৪ এ মাঠে নামবে এই দু'দল। গ্রুপের শেষ ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে বেশ পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছিল সেলেসাও কোচ তিতে। তবে এই ম্যাচে সেরা একাদশ নিয়েই মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল।

আর সবচেয়ে বড় খবর ইনজুরি থেকে ফিরে এই ম্যাচে মাঠে নামতে পারেন দলের সবচেয়ে বড় নেইমার। রোববার (৪ ডিসেম্বর) ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এমনটাই আভাস দিয়েছেন অধিনায়ক থিয়াগো সিলভা ও কোচ তিতে। গ্রুপের শেষ ম্যাচে পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে ক্যামেরুনের কাছে ১-০ গোলে হেরে যায় ব্রাজিল। আর তাই বেশ সতর্কতার সঙ্গেই দক্ষিণ কোরিয়ার বিপক্ষে একাদশ সাজাতে যাচ্ছেন কোচ তিতে।

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে আক্রমণ ভাগে যথারীতি নেইমারের সঙ্গে থাকবেন ভিনিসিয়াস জুনিয়র ও রাফিনহা। আর নাম্বার নাইনের ভূমিকায় থাকবেন গ্রুপ পর্বের প্রথম ম্যাচে জোড়া গোল করা রিচার্লিসন। আর ডিফেন্সে ইনজুরি কাটিয়ে দলে ফিরতে পারেন রাইট ব্যাক দানিলো। মিডফিল্ডে থাকবেন ক্যাসেমিরো ও লুকাস পাকেতা। এই ম্যাচে গোলপোস্ট সামলানোর দায়িত্বে থাকবেন অ্যালিসন বেকার।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ: অ্যালিসন বেকার (গোলরক্ষক), থিয়াগো সিলভা, মারকুইনহোস, এডার মিলিতাও, দানিলো/দানি আলভেস, ক্যাসেমিরো, লুকাস পাকেতা, নেইমার জুনিয়র, রাফিনহা, ভিনিসিয়াস জুনিয়র ও রিচার্লিসন।

ইত্তেফাক/জেডএইচ