বিশ্বকাপ জয় থেকে তিন ম্যাচ দূরে ব্রাজিল: নেইমার

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ১২:৪১

গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ জিতেই নিশ্চিত হয়ে গিয়েছিলো নক-আউট রাউন্ড। তৃতীয় ম্যাচে অনেকটা নির্ভার থেকে ব্রাজিল কোচ তিতে মাঠে নামিয়ে দিয়েছিলেন বেঞ্চের একাদশকে। ক্যামেরুনের কাছে হেরেই বসলো ব্রাজিলের বেঞ্চ একাদশ। শেষ ম্যাচে হারলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নক-আউটে উঠলো সেলেসাওরা।

নক-আউটে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে তিতে মাআথে নামালেন পূর্ণশক্তির ব্রাজিলকে। প্রথপম ম্যাচেই গোড়ালির ইনজুরিতে পড়ার পর গ্রুপ পর্বের পরের দুই ম্যাচে দলে ছিলেন না নেইমার। নক-আউটে ফিরলেন ব্রাজিলের প্রাণভোমরাও। আর পূর্ণশক্তির ব্রাজিল মাঠে নেমেই দেখালেন তারা ছন্দে থাকলে প্রতিপক্ষের কি হাল করতে পারেন। 

দক্ষিণ কোরিয়ার রক্ষণভাগ ছিন্নভিন্ন করে ম্যাচের মাত্র ৩৬ মিনিটেই ৪ বার গোল উৎসবে মাতে ব্রাজিল। গোলদাতাও ভিন্ন চারজন। সাম্বার ছন্দ, ফুটবলের শিল্প বা গল উদযাপনে সাম্বা নাচ, কি ছিলো না নক-আউটের এই ব্রাজিলের খেলায়?  দ্বিতীয়ার্ধে এসে আক্রমণের গতি কমিয়ে দিলে আর কোনো গোল করতে পারেনি ব্রাজিল। ম্যাচশেষে ৪-১ গোলের জয় নিয়েই কোয়ার্টার নিশ্চিত করেছে হলুদ জার্সিধারীরা। 

ইনজুরির কারণে গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ খেলতে পারেননি নেইমার। কোরিয়ার বিপক্ষে মাঠে ফিরেছেন আর ফিরেই পেয়েছেন গোলও। ইনজুরি থেকে ফিরে মাঠে নামার মাত্র ১২ মিনিটের মাথাতেই পেনাল্টি থেকে ব্রাজিলকে  ২-০ গোলে এদিয়ে নিয়েছিলেন নেইমার। যতক্ষণ মাঠে ছিলেন দুর্দান্ত পারফরম্যান্স করে গেছেন ব্রাজিলের এই পোস্টারবয়। ম্যাচশেষে ম্যাচসেরার পুরস্কারটাও উঠেছে তার হাতেই।  

ম্যাচ শেষে গণমাধ্যমের কাছে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে নেইমার বলেন, ‘আমাদের আরও এগিয়ে যাওয়ার সময় এসে গেছে। আমরা শুধুমাত্র শিরোপা জেতারই স্বপ্ন দেখি। কিন্তু আমাদের এগোতে হবে ধাপে ধাপে। এটা আমাদের চতুর্থ ম্যাচ ছিল। বিশ্বকাপ জেতা থেকে আরও তিন ম্যাচ দূরে আছি আমরা।’

শুধু নেইমারই নয়, ব্রাজিলের বিশ্বকাপ জয়ের স্বপ্নের কথা জানিয়েছেন কোরিয়ার বিপক্ষে গোল উৎসবের সূচন করা ভিনিসিয়াস জুনিয়র।

হাসপাতালের বিছানায় মৃত্যুঝুঁকিতে থাকা ব্রাজিলিয়ান কিংবদন্তি ‘ফুটবল সম্রাট’ পেলের জন্য বিশ্বকাপ জিততে চান জানিয়ে ভিনিসিয়াস বলেন,  ‘আমি পেলেকে বড় একটা আলিঙ্গন পাঠাতে চাই, এই জয়টা তার জন্য। আমি আশা করছি, সবকিছু ঠিকঠাক হবে, তিনি এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন। আমরা তার জন্য চ্যাম্পিয়ন হতে চাই।’ 

বিশ্বকাপ শিরোপা ছুঁয়ে দেখা থেকে আর যে তিন ধাপ দূরে রয়েছে ব্রাজিল তার প্রথম ধাপটি আগামী শুক্রবার ৯ ডিসেম্বর। বাংলাদেশ সময় রাত ৯টায়  প্রথম কোয়ার্টার ফাইনালে সেখানে ব্রাজিলের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া।

ইত্তেফাক/এসএস