সিলেটের হবিগঞ্জে বন্ধ ঘরে আগুনে পুড়ে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) ভোর ৬টার দিকে হবিগঞ্জ শহরে ২ নাম্বার পুল এলাকায় লাগা আগুন নেভাতে গিয়ে আরও তিনজন আহত হয়েছেন।
নিহত রুবেল আহমেদ (২৫) সিলেটের জৈন্তাপুরের নিজপাট যশপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে এবং হবিগঞ্জ ট্রাফিক পুলিশ অফিসের কনস্টেবল।
হবিগঞ্জ সদর থানার ওসি মো. গোলাম মর্তুজা জানান, হবিগঞ্জে শহরে একটি টিনশেড ঘরে ভাড়ায় থাকতের পাঁচজন পুলিশ সদস্য থাকতেন। সোমবার একজন ছুটিতে বাড়ি চলে যান। রাতে বিশ্বকাপের খেলা দেখে চার পুলিশ সদস্য ঘুমিয়ে পড়েন। পাশের কক্ষে থাকা অন্য পুলিশ সদস্যরা ভোরে ওই কক্ষে আগুন দেখতে পান। তারা ঘর থেকে বের হয়ে চিৎকার শুরু করেন। রুবেলের কক্ষের সিটকানি লাগানো থাকায় তাৎক্ষণিক তারা ওই কক্ষে যেতে পারেননি। পরে খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিভিয়ে ফেলে এবং কনস্টেবল রুবেলের দগ্ধ লাশ উদ্ধার করে।
লাশ হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
ফায়ার সার্ভিসের সদস্য অতীন্দ্র কুমার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ সময় আগুন নেভাতে গিয়ে আহত তিনজনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ইত্তেফাক/আরএজে
