ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বৈদ্যুতিক তারে জড়িয়ে আবদুর রহমান (২৮) নামে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার চাতলপাড় ইউনিয়নের ফকিরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবদুর রহমান পার্শ্ববর্তী কচুয়া গ্রামের শান্ত মিয়ার ছেলে।
জানা যায়, শনিবার কাঠমিস্ত্রি আবদুর রহমান আরও ৩ জন সঙ্গীসহ ফকিরদিয়া চকবাজারের নিচুতে কওমি মাদ্রাসার টিনের ঘর বানানোর কাজ করতে যায়। সন্ধ্যা ৬ টার দিকে আবদুর রহমান ঘরের কাজ করার সময় উপর দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের সরবরাহ তারের সঙ্গে জড়িয়ে যান। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে।
আরও পড়ুন: রাজৈরে ধান বোঝাই টমটম উল্টে যুবক নিহত
রবিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। নাসিরনগর থানার ওসি তদন্ত কবির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, 'এ ব্যাপারে আবদুর রহমানের বড় ভাই হুমায়ুন কবীর থানায় লিখিতভাবে জানিয়েছেন।'
ইত্তেফাক/জেডএইচডি
