রাবিতে ফল বিপর্যয়, তদন্তে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২, ১৩:০৭

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উর্দু বিভাগের ফল বিপর্যয়কে কেন্দ্র করে শিক্ষার্থীরা আমরণ অনশন কর্মসূচি পালন করে। ঘটনা তদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে রাবি প্রশাসন।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে জানান, বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. এম আনিসুর রহমানকে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বাকি দুই সদস্য হচ্ছেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক শরিফুল ইসলাম এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতির বিভাগের অধ্যাপক খলিলুর রহমান। আজ থেকে তারা কাজ শুরু করবেন এবং সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবেন।

বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষে ৩৫ জন নিয়মিত ও তিনজন অনিয়মিত শিক্ষার্থী রয়েছেন। তারা প্রত্যেকেই প্রথম সেমিস্টারে পরীক্ষায় উত্তীর্ণ হন। গত ২২ এপ্রিল তাদের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা শুরু হয়ে ওই মাসেই শেষ হয়। ২৫ আগস্ট তাদের ফল প্রকাশিত হয়। সেই ফলাফলে ৩৮ জনের মধ্যে ৩০ পরীক্ষার্থীর ফল প্রকাশ হয়। ছয়জন নিয়মিত ও দুজন অনিয়মিত শিক্ষার্থীর ফল প্রকাশিত হয়নি এবং ছয় শিক্ষার্থী একটি করে কোর্সে ফেল করেছেন। ওই দিন ফলাফলে ক্ষুব্ধ হলে বিভাগের অফিস কক্ষে ও সভাপতির কক্ষে তালা লাগিয়ে বিভাগ বন্ধ ঘোষণা করেন শিক্ষার্থীরা। পরে ছাত্র ও উপদেষ্টার আশ্বাসে তালা খুলে দেন তারা।

কিন্তু যথাসময়ে সমস্যার সমাধান করতে না পারায় ৫ ডিসেম্বর ওই বিভাগ শিক্ষার্থীরা অনশন শুরু করে এবং রাত সাড়ে ৯টার দিকে উর্দু বিভাগের শিক্ষার্থীদের পানি পান করিয়ে অনশন ভাঙেন রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

ইত্তেফাক/আরএজে