১ মিনিটে ৭ কোটি মূল্যের ৫টি গাড়ি চুরি

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২, ১৪:১৫

একদল চোর গ্যারেজ থেকে খুব সিনেমাটিক পদ্ধতিতে ৭ কোটি মূল্যের ৫টি গাড়ি চুরি করেছে। ক্লোজ সার্কিট ক্যামেরায় ধরা পড়ে এই দুঃসাহসী চুরি। টাইম্‌স নাও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গাড়ি চুরির এই ঘটনাটি ঘটেছে ১১ নভেম্বর ইংল্যান্ডের এসেক্স কাউন্টির বুলফান গ্রামে। সোমবার (৫ ডিসেম্বর) ঘটনাটি প্রকাশ্যে আসে। 

পুলিশ সূত্রে খবর, চোরেরা খবর পেয়েছিল এসেক্স কাউন্টির একটি গ্যারাজে কয়েক কোটি মূল্যের গাড়ি রয়েছে। এরপর রাতের আঁধারে সেখানে হামলা চালায় একদল চোর।

প্রথমে গ্যারেজের প্রধান দরজা ভেঙে ফেলে চোরেরা। এরপর তারা একের পর এক গাড়ি চালিয়ে এক মিনিটের মধ্যে ডাকাতি শেষ করে। চুরি হওয়া পাঁচটি গাড়ির মধ্যে রয়েছে এরিয়েল অ্যাটম, মার্সিডিজ এ৪৫ এএমজি ৪ম্যাটিক, পোর্শ কেয়েন, পোর্শ ৯১১ ক্যারেরা ও মার্সিডিজ মেবাচ। 

সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক চোর গেটের সামনে দাঁড়িয়ে গাড়ি বের করতে সাহায্য করছিল।

পুলিশ জানিয়েছে, ৫টি গাড়ির মধ্যে মার্সিডিজ মেবাচ উদ্ধার করা হয়েছে। বাকি ৪টি গাড়ির খোঁজ চলছে।

 

ইত্তেফাক/ডিএস