রংপুরের গঙ্গাচড়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে ছাত্রীকে (১৪) ধর্ষণ ও গর্ভপাত করানোর অভিযোগ উঠেছে গৃহশিক্ষক রাকিবুল ইসলাম রাকিবের (২৩) বিরুদ্ধে। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন গঙ্গাচড়া মডেল থানার ওসি দুলাল হোসেন।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার খলেয়া ইউনিয়নের দক্ষিণখলেয়া ধনতোলা সাতঘড়িয়াপাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে রাকিবের কাছে প্রতিবেশী ওই ছাত্রী দীর্ঘদিন ধরে প্রাইভেট পড়তো। প্রাইভেট পড়াকালীন রাকিব ওই ছাত্রীকে বিয়ের কথা বলে ফুসলিয়ে একাধিকবার ধর্ষণ করে। একপর্যায়ে ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। রাকিব বিয়ের কথা বলে কৌশলে গত ২০ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেখে তার গর্ভপাত করায়।
এদিকে মেয়েকে না পেয়ে পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনদের বাসায় খোঁজাখুঁজি শুরু করে। পরে ছাত্রী বাড়ি ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে বুধবার গঙ্গাচড়া থানায় মামলা দায়ের করেন।
গঙ্গাচড়া মডেল থানার ওসি দুলাল হোসেন বলেন, স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।
