রাশিয়ার সঙ্গে বন্দী বিনিময়ে মার্কিন বাস্কেটবল তারকার মুক্তি

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২, ০০:০৫

রাশিয়ার কারাগার থেকে মুক্তি পেয়েছেন যুক্তরাষ্ট্রের তারকা বাস্কেটবল খেলোয়াড় ব্রিটনি গ্রিনার।এর বিপরীতে যুক্তরাষ্ট্র থেকে মুক্ত করে দেওয়া হয়েছে ১২ বছর ধরে দেশটির কারাগারে বন্দী অস্ত্র ব্যবসায়ী ভিক্টর বাউটকে। আজ বৃহস্পতিবার গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়েছে।  

প্রতিবেদনে বলা হয়েছে, মাদক সংক্রান্ত অভিযোগে প্রায় ১০ মাস রুশ কারাগারে বন্দী ছিলেন গ্রিনার। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গ্রিনারের মুক্তির বিষয়টিকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে বিবেচনা করছিলেন।

রাশিয়ার বার্তা সংস্থাগুলো বলছে, সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবুধাবি বিমানবন্দরে দুই দেশের মধ্যে এ বন্দী বিনিময় হয়েছে। 

গ্রিনারের বিষয়ে হোয়াইট হাউস থেকে এক ভাষণে বাইডেন বলেছেন, গ্রিনারের সঙ্গে তার কথা হয়েছে এবং তার মনোবল চাঙা রয়েছে। 

দুইবার অলিম্পিক গোল্ড মেডেলের অধিকারী ব্রিটনিকে বিশ্বের অন্যতম সেরা বাস্কেটবল খেলোয়াড় বলে মনে করা হয়। গত ফেব্রুয়ারিতে মস্কোর কাছের একটি বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। ওই সময়ে তার লাগেজে গাঁজার তেল থাকা একটি ভেপ কার্টিজ পাওয়া যায়। যুক্তরাষ্ট্রে মৌসুম না থাকায় রাশিয়ায় ক্লাব বাস্কেটবল খেলতে যান তিনি।

বাইডেন আরও বলেছেন, ‘তিনি (গ্রিনার) এখন নিরাপদ। বর্তমানে তিনি একটি বিমানে আছেন। রাশিয়ায় অসহনীয় পরিস্থিতিতে অন্যায়ভাবে আটক থাকার পর তিনি কয়েক মাস পরে বাড়ি ফিরছেন। ব্রিটনি শিগগিরই তার প্রিয়জনের কাছে ফিরে আসবেন।’  

ইত্তেফাক/এসআর