রাশিয়ার কারাগার থেকে মার্কিন বাস্কেটবল তারকা ব্রিটনি গ্রিনারের মুক্তির সঙ্গে সৌদি আরব জড়িত ছিল এমন দাবি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস স্পষ্ট করে জানিয়েছে, গ্রিনারের মুক্তির সঙ্গে তৃতীয় কোনো পক্ষ জড়িত ছিল না। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
হোয়াইট হাউজ জানিয়েছে, গ্রিনারের মুক্তির বিষয়ে শুধুমাত্র যুক্তরাষ্ট্র ও রাশিয়া আলোচনা করেছে। সৌদি আরবের ভূমিকা সম্পর্কে জানতে চাইলে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়ের জানান, এই চুক্তিটি শুধুমাত্র যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে আলোচনা করা হয়েছে। অন্য কোনো মধ্যস্থতা ছিল না।
এর আগে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট ও সৌদি যুবরাজের এক যৌথ বিবৃতিতে জানানো হয়, আমেরিকান বাস্কেটবল তারকা ব্রিটনি গ্রিনার তাদের মধ্যস্থতার প্রচেষ্টার ফলস্বরূপ রাশিয়ান কারাগার থেকে মুক্তি পান। সেই যৌথ বিবৃতির পরে বাইডেন প্রশাসন বিষয়টি নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছে।
দুইবারের অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী ব্রিটনি গ্রিনারকে বিশ্বের অন্যতম সেরা বাস্কেটবল খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হয়। গত ফেব্রুয়ারিতে মস্কোর কাছে একটি বিমানবন্দরে তাকে আটক করা হয়। এ সময় তার লাগেজে গাঁজা তেলের একটি ভেপ কার্তুজ পাওয়া যায়।
যুক্তরাষ্ট্রে কোনো মৌসুম না থাকায় তিনি রাশিয়ায় ক্লাবে বাস্কেটবল খেলতে যান। রাশিয়ার একটি আদালত মাদক মামলায় গ্রিনারকে নয় বছরের কারাদণ্ড দিয়েছে। ৩১ বছর বয়সী তারকা গাঁজার তেল রাখার কথা স্বীকার করেছেন।
তবে তিনি আদালতে বলেছেন, তিনি একটি 'সৎ ভুল' করেছেন। তাকে মাদক পাচার ও বহনের দায়ে দোষী সাব্যস্ত করেন আদালত।
সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্রে দোষী সাব্যস্ত রাশিয়ান অস্ত্র ব্যবসায়ী ভিক্টর বাউটের বিনিময়ে ব্রিটনি গ্রিনারকে রাশিয়া মুক্তি দিয়েছে। ভিক্টর বাউট 'মার্চেন্ট অফ ডেথ' নামেও পরিচিত। তিনি সাবেক সোভিয়েত সেনা কর্মকর্তা। মার্কিন নাগরিকদের হত্যার ষড়যন্ত্রসহ বিভিন্ন অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর তাকে যুক্তরাষ্ট্রে ২৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।
