ক্রোয়েটদের হারিয়ে সেমিতে যেতে চায় ব্রাজিল

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২, ১৬:০৬

গ্রুপ পর্ব আর নক-আউট পেরিয়ে বিশ্বকাপের মঞ্চে এবার কোয়ার্টার ফাইনালের যুদ্ধ। ৩২ দল থেকে শিরোপার লড়াইয়ে এখন আর মাত্র ৮টি দল। শেষ আটের প্রথম যুদ্ধে আজ ক্রোয়েশিয়ার মুখোমুখি হচ্ছে বিশ্বকাপের হট ফেভারিট ব্রাজিল।

বাংলাদেশ সময় আজ রাত ৯টায় এডুকেশন সিটি স্টেডিয়ামে গত বিশ্বকাপের রানার্স-আপ ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামছে সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।  

শেষ ষোলোতে প্রত্যাশার নিচে পারফর্ম করা ক্রোয়েশিয়াকে হারিয়ে সেমিফাইনালে খেলার বিষয়ে আশাবাদী নেইমারের প্রত্যাবর্তনে নক-আউটে দুর্দান্ত আত্মবিশ্বাসী ব্রাজিল। 

শেষ ষোলোর লড়াইয়ে দক্ষিন কোরিয়ার বিপক্ষে ৪-১ গোলে দুর্দান্ত জয় পেয়েছে ব্রাজিল। ওই ম্যাচে হলুদ জার্সিধারীদের হয়ে গোল করেছেন ভিনিসিয়াস জুনিয়র, নেইমার, রিচার্লিসন ও লুকাস পাকুয়েতা। 

কোয়ারিয়াকে উড়িয়ে দেওয়া জয়ের পর উৎসবে মেতেছে নেইমার বাহিনী। নাচের মাধ্যমে খেলোয়াড়রা তাদের গোল উদযাপন করেছে, এমনকি ৬১ বছর বয়সি কোচ তিতেও তাদের ওই উদযাপনে সামিল হয়।
 
স্টেডিয়াম ৯৭৪-এ সেলেসাওদের পারফরম্যান্স এতটাই রোমঞ্চকর ছিল যে এটিকে তুলনা করা হয়েছে অতীতের বেশ কিছু নজরকাড়া পারফরম্যান্সের সঙ্গে। যেমনটি দেখা গেছে ১৯৭০ সালের পেলের দল থেকে ১৯৮২ সালের সক্রেটিসের সময়কালের  মধ্যে।

নক-আউটের ম্যাচটি ছিলো সেলেসাওদের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার ম্যাচ। এর আগে গ্রুপের তিন ম্যাচে মাত্র তিনটি গোল করতে পেরেছিল  পাঁচ  বারের বিশ্বচ্যাম্পিয়নরা, ক্যামেরুনের বিপক্ষে হারতেও হয়েছে তাদেরকে। ১৯৯৮ সালের পর গ্রুপ পর্বে এটি ছিল ব্রাজিলের প্রথম পরাজয়। 

বিশ্বকাপে সম্প্রতি ক্রোয়েশিয়ার যে পারফরম্যান্স, তাতে এডুকেশন সিটিতে তাদের বিপক্ষে ব্রাজিল সহজ জয় পেতে পারে বলেই ধারণা করা হচ্ছে। যদিও ২০০২ বিশ্বকাপের শিরোপা জয়ের পর প্রতিটি বিশ্বকাপেই ইউরোপীয় দলের কাছে হেরেই বিদায় নিতে হয়েছে ব্রাজিলকে। এর ভেতরে নিজেদের মাটিতে অনুষ্ঠিত ২০১৪ বিশ্বকাপে জার্মানির কাছে ৭-১ গোলে এবং চার বছর আগে রাশিয়া বিশ্বকাপে বেলজিয়ামের কাছে পরাজয় উল্লেখযোগ্য।

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে জয়লাভের পর ব্রাজিলের প্রাণভোমরা নেইমার জানান, ‘এটি সত্যি যে আমরা শিরোপা জয়ের স্বপ্ন দেখছি। তবে এ জন্য আমাদেরকে ধাপে ধাপে এগুতে হবে। এটি ছিল আমাদের চতুর্থ ম্যাচ। আরো তিনটি ম্যাচ বাকী আছে এবং আমরা এজন্য প্রস্তুত। আমরা শিরোপা জয়ের দিকেই তাকিয়ে আছি।’

বিশ্বকাপে সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলে জয় পাওয়া নিজেদের  প্রথম  ম্যাচে পায়ের গোঁড়ালিতে চোট পাওয়ার পর নেইমার মাঠে ফিরেছিলেন শেষ ষোলোর ওই ম্যাচ দিয়ে। যে ম্যাচে লেফট ব্যাক দানিলোর প্রত্যাবর্তনটাও ছিল তাৎপর্যপূর্ণ। টুর্নামেন্টের বাকী ম্যাচে ফুলব্যাক অ্যালেক্স টেলেসকে পাচ্ছেন না কোচ তিতে। তবে সুসংবাদ হচ্ছে ফের অনুশীলনে ফিরেছেন অ্যালেক্স সান্দ্রো। অচিরেই দলে ফিরতে পারেন তিনি। আর সেটি যদি ঘটে তাহলে দানিলো চলে যাবেন রাইট ব্যাকে আর একাদশ থেকে বাদ পড়তে পারেন এডার মিলিতাও।
    
এদিকে চার বছর আগে বিশ্বকাপের ফাইনালে খেলা ক্রোয়েশিয়াকে নক-আউটের তিনটি ম্যাচেই অতিরিক্ত সময়ে খেলতে হয়েছে। যেমনটি এবারের আসরে জাপানের বিপক্ষেও অতিরিক্ত সময়ের পর টাইব্রেকারে পৌঁছায় ম্যাচ। সেখানে ব্লু সামুরাইদের ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে ক্রোয়েটরা। রাশিয়া বিশ্বকাপের মতো এবারও দলটির কোচের দায়িত্বে আছে জলাটকো ডালিচ এবং নেতৃত্বে রয়েছেন ৩৭ বছর বয়সি লুকা মড্রিচ। 

ক্রোয়েট মিডফিল্ডার মাতেও কোভাচিচ বলেন, ‘আমি মনে করি লুকা মড্রিচের কদর বিশ্বের সবাই জানে। তিনিই আমাদের নেতা, আমাদের সেরা খেলোয়াড়। আমরাও তাকে মাঠে পেয়ে গর্বিত। আমরা প্রিমিয়ার লিগে কঠিন শারিরিক খেলায় অভ্যস্ত। এটি আমরা ব্রজিলের বিপক্ষে দেখাতে চাই।’

ইত্তেফাক/এসএস