ফের গ্রেফতার হলেন তৃণমূলের সাকেত গোখলে

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২, ১৬:৫৬

বিপুল ভোটে জিতে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় আসার ২৪ ঘণ্টার মধ্যেই পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সঙ্গে গুজরাটের মাটিতেই তাদের আর এক লড়াই শুরু হতে চলেছে।

তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র ও দিল্লির নেতা সাকেত গোখলেকে জামিন দেওয়ার পরে গুজরাট পুলিশ পুনরায় গ্রেপ্তার করেছে বলে অভিযোগ উঠেছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, এরপর শুক্রবার (৯ ডিসেম্বর) কয়েক ঘণ্টার মধ্যে গুজরাট যাচ্ছেন তৃণমূল সাংসদের একটি প্রতিনিধি দল। এই দলে রয়েছেন দোলা সেন, খলিলুর রহমান, অসিতকুমার মাল, শান্তনু সেন ও সুনীলকুমার মণ্ডল। তৃণমূল প্রতিনিধি দলের লক্ষ্য সাকেতের বিরুদ্ধে গুজরাট পুলিশের অভিযোগের তদন্ত ও প্রতিবাদ করা।

এই দলে রয়েছেন দোলা সেন

কয়েকদিন আগে গুজরাটের মরবি ব্রিজ ধসে পরায় সরকারের সমালোচনা করে সাকেত টুইট করেছিলেন। তিনি লিখেছিলেন, দুর্ঘটনাস্থল পরিদর্শন করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে পরিমাণ খরচ করেছেন তা ক্ষতিপূরণের পরিমাণের ছয় গুণ। সাকেত এই বক্তব্যের সমর্থনে নথিও প্রকাশ করেছিলেন। 

তার অভিযোগ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং বেশ জনপ্রিয় হয়ে ওঠে। বিভিন্ন পত্রপত্রিকায় তার দেওয়া তথ্য প্রকাশিত হয়েছিল।

কয়েকদিন আগে গুজরাটের মরবি ব্রিজ ধসে পরায় সরকারের সমালোচনা করে সাকেত টুইট করেছিলেন।

গুজরাট প্রশাসনের তরফ থেকে জানানো হয়, জাল নথির ভিত্তিতে এই তথ্য ছড়িয়ে দিয়ে প্রধানমন্ত্রীর মানহানি করার চেষ্টা করেছিলেন সাকেত। এই অভিযোগে গুজরাটে নির্বাচনের পর মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাতে বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।

৪৮ ঘণ্টা পর বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ওই মামলায় জামিন পান তিনি। তৃণমূলের অভিযোগ, জামিনের কয়েক ঘণ্টার মধ্যেই কোনও কারণ ছাড়াই তাকে ফের গ্রেপ্তার করা হয়েছে। এর প্রতিবাদে গুজরাট যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল।

তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ও রাজ্যসভার এমপি ডেরেক ও’ব্রায়েন

সাকেতের গ্রেপ্তারের পরে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ও রাজ্যসভার এমপি ডেরেক ও’ব্রায়েন টুইট করে জানান, গুজরাট পুলিশ সাকেত গোখলে ও তৃণমূলকে হেনস্থা করছে। জামিন পাওয়ার পর পরোয়ানা ছাড়াই তাকে আবার গ্রেপ্তার করা হয়। পুলিশ অসুস্থ সাকেতকে আটক করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

ইত্তেফাক/ডিএস