লড়াইটা হবে ডাগআউটেও

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২, ২০:০৮

মাঠে কি শুধু ফুটবলারই খেলেন? মাঠে বল নিয়ে খেলোয়াড়রাই কারিশমা দেখান বটে; তবে খেলোয়াড়দের নাটাই বাঁধা থাকে ডাগআউটে দাঁড়িয়ে থাকা কোচদের হাতে। ডাগআউট থেকে কোচরা যে নির্দেশনা দেন, খেলোয়াড়রা কাঠের পুতুলের মতো মাঠে সেটাই করেন। ফলে, একটা দলের জয়-পরাজয়ের পেছনে কোচের ভূমিকাও অনেক।

ট্যাকটিকসে যে কোচ এগিয়ে থাকেন, জয় হয় তার দলেরই। আজ দিনের প্রথম কোয়ার্টার ফাইনালে ডাগআউটে দাঁড়িয়ে ট্যাকটিকসের সেই দ্বৈরথে নামবেন ব্রাজিল কোচ তিতে ও ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচ। দুই কোচের ডাগআউটের দ্বৈরথটা ম্যাচে বাড়তি রোমাঞ্চ ছড়াবে বলেই ধারণা।

তিতে (ব্রাজিল)

২০১৪-তে মারাকানায় জার্মানির কাছে ৭ গোলে বিধ্বস্ত হওয়ার পর কোচ দুঙ্গার অধীনে আরো অবনতি হয় ব্রাজিলের। ২০১৬ সালে দুঙ্গা বরখাস্ত হলে ডাক পান করিন্থিয়ানসের কোচ তিতে। এসেই দলে বেশ কিছু অদল-বদল করে ব্রাজিলকে খেলাতে থাকেন ইউরোপীয় ধাঁচের ফুটবল। তাতে রাতারাতি বদলে যাওয়া ব্রাজিল ২০১৮ বিশ্বকাপে খুব সুবিধা করতে না পারলেও ২০১৯ সালে জিতে নেয় কোপা আমেরিকার শিরোপা। তিতের অধীনে কাতার বিশ্বকাপে এখনো পর্যন্ত দুর্দান্ত ফুটবল খেলেছে ব্রাজিল। তিতে সাধারণত দলকে ৪-৪-২, ৪-৩-৩ ও ৪-২-৩-১ এ খেলিয়ে থাকেন। নেইমার ও ভিনিসিয়াসকে একই সঙ্গে খেলাতে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৪-৩-৩ ফরমেশনেই খেলিয়েছেন দলকে। আজ ক্রোয়েশিয়ার বিপক্ষেও ৪-৩-৩ ফরমেশনই প্রয়োগ করতে পারেন তিনি। ৬১ বছর বয়সী তিতের কোচিং কারিশমা সেলেসাওদের আজ এনে দিতে পারে জয়।

জ্লাতকো দালিচ (ক্রোয়েশিয়া)

তিতের মতো নামডাক হয়তো নেই। তবে ক্রোয়েশিয়া জাতীয় দলের কোচ হিসেবে এরই মধ্যে নিজের বিশেষ কারিশমা দেখিয়েছেন জ্লাতকো দালিচ। ৫৬ বছর বয়সী কোচ ২০১৭ সালে জাতীয় দলের দায়িত্ব নিয়ে প্রথমে দলকে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের টিকিট এনে দেন। তবে আসল কারিশমাটা তিনি দেখান ২০১৮ বিশ্বকাপে। ক্রোয়েশিয়াকে তুলেছিলেন ফাইনালে। কাতারেও ডাগআউটে দাঁড়িয়ে নিজের সেই কারিশমা দেখিয়ে চলেছেন শান্ত স্বভাবের আপাদমস্তক ভদ্রলোক দালিচ।  লুকা মডরিচদের ক্রোয়েশিয়া যে আজকের কোয়ার্টার ফাইনালে খেলছে, তার পেছনে কোচ দালিচের ভূমিকা অনেক। তিতের মতো দালিচেরও প্রথম পছন্দের ফরমেশন ৪-৩-৩। জাপানের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে এই ফরমেশনেই খেলিয়েছেন দলকে। আজ ব্রাজিল বধেও এই ফরমেশনই হয়তো প্রয়োগ করবেন তিনি।

ইত্তেফাক/এসএস