নেতাকর্মীরা পাহারাদার হিসেবে আছেন: মায়া

আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ১২:২৩

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ঢাকা শহরে প্রত্যেকটি অলিগলি, রাস্তায়, মোড়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা লীগ ও শ্রমিক লীগের ভাই-বোনেরা পাহারাদার হিসেবে আছেন। আমরা জনগণের জানমালের রক্ষা করতে চেষ্টা করে যাচ্ছি।

শনিবার (১০ ডিসেম্বর) সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে নেতা-কর্মীদের অবস্থান। ছবি: ফোকাস বাংলা

তিনি বলেন, নেত্রীর নির্দেশ ছিল পাড়া-মহল্লায় জনগণের জানমাল রক্ষা করার জন্য। পাড়া-মহল্লায় পাহারাদার হিসেবে কাজ করার জন্য। আমরা সেই কাজটি করছি। বিএনপির অভ্যাস খারাপ, দোকানপাট খোলা দেখলেই হাত দেবে।

আন্দোলনের নামে বিএনপি সন্ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টা করছে মন্তব্য করে মায়া বলেন, আল্লাহর রহমতে শেখ হাসিনার সঠিক সিদ্ধান্তে তাদের এই ষড়যন্ত্র ভেস্তে গেছে। তারা বলেছে ১০ ডিসেম্বর নাকি ঢাকা শহর দখল করবে। খালেদা জিয়া সরকার দখল করবে। এই পরিকল্পনা নিয়ে তারা সন্ত্রাসী কায়দায় এগিয়ে যাওয়ার চেষ্টা করেছিল।

ইত্তেফাক/এসকে