কাফনের কাপড় পরে বিএনপির গণসমাবেশে ব্রাহ্মণবাড়িয়ার মোমিন

আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ১২:২৫

বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশে কাফনের কাপড় পরে অংশ নিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার বিএনপিকর্মী মো. মোমিন। তিনি আখাউড়া থানার গঙ্গাসাগর গ্রামের বাসিন্দা। তিনি একজন কৃষক বলে জানা গেছে। 

তিনি বলেন, ‘সেদিন নয়াপল্টনে আমাদের এক ভাই গুলিতে মারা গেছেন। আমিও জানি না, কখন কী হয়। তাই নিজের প্রস্তুতি নিয়ে এসেছি।’

মোমিন বলেন, ‘আমি নিজে কৃষক হয়ে আমার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাই না। অপরদিকে, বাজারে ২০টাকার আটা কিনতে হয় ৬৫ টাকায়। বলতে পারেন আমরা এখন না মরে বেঁচে আছি।’

নিজের অধিকারের কথা বলতে আমি আজ এখানে এসেছি বলেও জানান মোমিন।

কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির গণসমাবেশ শুরু হয়েছে। শনিবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সমাবেশ শুরু হয়।

সমাবেশের মূল মঞ্চে প্রথম শ্রেণির ২টি চেয়ার ফাঁকা রাখা হয়েছে। যার একটিতে খালেদা জিয়া ও অপরটিতে তারেক রহমানের নেমপ্লেট রাখা হয়েছে।

এর আগে, সকাল থেকে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশের মঞ্চে একে একে কেন্দ্রীয় নেতারা আসা শুরু করেন। এর মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, মোয়াজ্জেম হোসেন আলাল, রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, ছাত্রদলের সভাপতি কাজী রওনুকুল হাসান শ্রাবণসহ আরও অনেকে মঞ্চে অবস্থান করছেন। ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল অনুষ্ঠান পরিচালনা করছেন।

ইত্তেফাক/কেকে