বিএনপি খেলা শুরু না করতেই কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে: রুমিন

আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ১৬:২৮

বিএনপির নেত্রী সংরক্ষিত নারী আসনের সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বিএনপি খেলা শুরু না করতেই আওয়ামী লীগের কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। এখনো তো বিএনপি খেলাই শুরু করেনি।

তিনি বলেন, ঢাকার সমাবেশকে কেন্দ্র করে আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতা-কর্মীদের গ্রেফতার করেছেন। ঘরে ঘরে তল্লাশি করেছেন, মামলা দিয়েছেন। বন্ধ করতে পেরেছেন আমাদের জনসভা? না পারেননি।

শনিবার (১০ ডিসেম্বর) রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশে এ কথা বলেন তিনি।

আওয়ামী লীগকে উদ্দেশ্য করে রুমিন ফারহানা বলেছেন, বিএনপি সাধারণ মানুষের দল। বিএনপি গণমানুষের দল। আজকে বাংলাদেশে আওয়ামী লীগ বলে কোনো দল নেই। তারা আছে পুলিশ, প্রশাসন আর আমলা নিয়ে। সাধারণ মানুষ বহু আগেই তাদের লাল কার্ড দেখিয়েছে।

রুমিন ফারহানা বলেন, গোলাপবাগের মাঠে দেখে যান, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম শুধু মানুষ আর মানুষ। আজকে দেশের ১৭ কোটি মানুষ জেগে উঠেছে। আপনাদের কোনো অন্যায়, অপশাসন, কোনো ভয়ে তারা আর ভীত নয়।

সংসদে থাকা আর না থাকার মধ্যে কোনো পার্থক্য নাই মন্তব্য করে তিনি বলেন, এ কারনেই যে সরকার কোনো ভোটে ক্ষমতায় আসেনি, সেই সরকারের অন্যায়ের প্রতিবাদে আজকে আমি সংসদ থেকে পদত্যাগ করছি। পদত্যাগপত্র আমরা ইমেইলে পাঠিয়ে দিয়েছি। আজকে শনিবার ছুটির দিন, আগামীকাল পদত্যাগপত্র হাতে হাতে সংসদে পৌঁছে দেবো। যেই সংসদে দেশের মানুষের কথা বলা যায় না, সেই সংসদে থাকা আর প্রয়োজন মনে করি না।

ইত্তেফাক/এসকে