বারো ভুঁইয়ার অন্যতম প্রধান ভুঁইয়া ঈশা খাঁর দ্বিতীয় স্ত্রী স্বর্ণময়ী। স্বর্ণময়ী হিন্দুধর্ম ত্যাগ করে মুসলমান হয়ে ঈশা খাঁর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ইতিহাস বলে স্বর্ণময়ীকে জোর করে মুসলমান বানিয়ে ঈশা খাঁ বিয়ে করেছিলেন। সেই স্বর্ণময়ী ও ঈশা খাঁর প্রেমের অজানা উপাখ্যান নিয়ে নাট্যধারা নভেম্বরের ৪ তারিখ শিল্পকলার এক্সপেরিমেন্টাল হলে উদ্বোধনী মঞ্চায়ন করে ‘স্বর্ণময়ী’ নাটক। গাজী রহিসুল ইসলাম তমালের রচনায় নাটকটির নির্দেশনা দিয়েছেন লিটু সাখাওয়াত। ‘স্বর্ণময়ী’ নাটকটি নাট্যধারার ২৮তম প্রযোজনা।
নির্দেশক লিটু সাখাওয়াতের মতে, স্বর্ণময়ী ও ঈশা খাঁর মাঝে আদৌ কোনো প্রেম ছিল কি না তা খুঁজতে গিয়ে এই নাটকে প্রেমের অধিক প্রকট হয়েছে সাম্প্রদায়িক দ্বন্দ্ব ও সংঘাত। যে দ্বন্দ্ব-সংঘাত এখনো বর্তমান। বরং আরো বেশি করে বর্তমান। এজন্য একজন নির্দেশক হিসেবে গল্পের এই বিষয়টিই তাঁকে বেশি করে টেনেছে।
এই নাটকের মাধ্যমে নাট্যকার হিসেবে আত্মপ্রকাশ করা তরুণ নাট্যকর্মী গাজী রহিসুল ইসলাম তমাল মনে করেন, যদিও স্বর্ণময়ী ও ঈশা খাঁর প্রেমকাহিনি ইতিহাস কর্তৃক ততটা সিদ্ধ নয়, তারপরও লোকমুখে প্রচারিত এই কাহিনিকে কখনো-সখনো ইতিহাসের দ্বারস্থ হতে হয়েছে বৈকি।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—মো. রফিকুল ইসলাম, লিটু সাখাওয়াত, রিয়াদ মাহমুদ, দীপান্বিতা ইতি, গাজী রহিসুল ইসলাম তমাল, রহিম পারভেজ, মো. মাহবুবুর রহমান খান, ছন্দারিনা গীতি, এ এইচ রুবেল, হাফসা আক্তার, আল হাছিবুর এবং রাই। নাটকটির সেট ও লাইট ডিজাইনে হেনরি পলাশ সেন মুনশিয়ানা দেখিয়েছেন। এবং মিউজিক করেছেন এজাজ ফারাহ। দলীয় সূত্রে জানা গেছে, নাটকটি ভারতের অশোকনগর ও কলকাতায় মঞ্চায়ন (জানুয়ারি, ২০২৩) করতে যাচ্ছে নাট্যধারা।
