চীনের তিব্বত অঞ্চলে মানবাধিকার লঙ্ঘনের জন্য দুই চীনা কর্মকর্তার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রেজারি ডিপার্টমেন্ট। শুক্রবার (৯ ডিসেম্বর) এ নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এএনআই।
প্রতিবেদনে বলা হয়, উ ইংজি ২০১৬ থেকে ২০২১ সালের মধ্যে তিব্বতে চীনা কমিউনিস্ট পার্টির প্রধানের দায়িত্ব পালন করেন। আরেকজন হলেন ঝাং হংবো, যিনি কিনা এই অঞ্চলের একজন সিনিয়র জননিরাপত্তা কর্মকর্তা।
যুক্তরাষ্ট্র দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নয় দেশের ৪০ জনের বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। আন্তর্জাতিক দুর্নীতি দিবস ও বৈশ্বিক মানবাধিকার দিবস উপলক্ষে শুক্রবার দেশটির ট্রেজারি ডিপার্টমেন্ট এ নিষেধাজ্ঞা আরোপ করে।
মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার কথা জানিয়েছে। এই নিষেধাজ্ঞার ফলে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে পারবে না তালিকাভুক্ত ব্যক্তিরা। এমনকি ব্যক্তি বা প্রতিষ্ঠানের যেসব সম্পদ যুক্তরাষ্ট্রে রয়েছে তা বাজেয়াপ্ত করা হবে।
এছাড়াও নিষেধাজ্ঞার তালিকায় ১৫৭টি চীনা পতাকাযুক্ত মাছ ধরার জাহাজ রয়েছে। অবৈধভাবে মাছ ধরার অভিযোগেই চীনা ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
এক বিবৃতিতে ট্রেজারি ডিপার্টমেন্টের কর্মকর্তা ব্রায়ান ই নেলসন বলেন, যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তারা মানবাধিকারের অপব্যবহারের সঙ্গে জড়িত।
