দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এখলাছ (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় রুবেল আহমেদ (২৮) নামের আরেক যুবক গুরুত্ব আহত হয়েছেন।
রোববার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে উপজেলার হিলি-মোল্লাবাজার সড়কের ছোট ডাঙ্গাপাড়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত এখলাছ উপজেলার বৈগ্রাম গ্রামের তছলিম উদ্দিনের ছেলে এবং আহত রুবেল একই গ্রামের শাহ আলমের ছেলে।
স্থানীয়রা জানান, এখলাছ ও রুবেল হিলি বাজার থেকে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে ছোট ডাঙ্গাপাড়া নামক স্থানে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পড়েন। এতে তারা দু’জনই গুরুতর আহত হন। তাৎক্ষনিক স্থানীয়রা তাদের উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এখলাছকে মৃত ঘোষণা করেন। আর গুরুতর আহত রুবেলকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন।
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: সাবরিনা জাহান মৌ জানান, সড়ক দুর্ঘটনায় আহতদের একজন মারা যায়। আরেকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাকিমপুর থানার ওসি আবু সায়েম মিয়া জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন বলে নিশ্চিত করেন।
