দু-দুটি পেনাল্টি হজমের পরও জয় পাওয়া, সত্যিই এটা অনেক বড় ব্যাপার। সৌভাগ্যেরও। ফ্রান্স কোচ দিদিয়ের দেশমও ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের ২-১ গোলের জয়টাকে ‘খানিকটা সৌভাগ্যে’র বলে মনে করছেন।
কাতার বিশ্বকাপে দুই দলই গতিময় ফুটবল উপহার দিয়েছে। ফ্রান্স-ইংল্যান্ডের কোয়ার্টার ফাইনাল নিয়ে তাই ফুটবলবোদ্ধাদের অভিমত ছিল—জমজমাট লড়াই হবে মাঠে। হয়েছেও তাই। দুই দলই পাল্লা দিয়ে আক্রমণাত্মক ফুটবল খেলেছে। মুহুমুর্হু আক্রমণ পালটা আক্রমণে শিহরণ জাগানো ম্যাচে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স। স্বাভাবিকভাবেই দলের ২-১ গোলের জয়ে ভীষণ খুশি ফ্রান্স কোচ।
নিজেদের জয়টিতে ‘কিছুটা সৌভাগ্যে’র ছোঁয়াও দেখছেন তিনি। না, রেফারির আনুকূল্যে পাওয়া সৌভাগ্য নয়। বরং রেফারি তাদের বিপক্ষেই দুবার সর্বনাশা পেনাল্টির বাঁশি বাজিয়েছেন। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের মতো মহাগুরুত্বপূর্ণ ম্যাচে দু-দুটি পেনাল্টির সিদ্ধান্ত হজম করা কঠিন। তবে দেশম এ নিয়ে কোনো অভিযোগ করেননি। তিনি বরং নিজেদের সৌভাগ্য দাবি করেছেন প্রতিপক্ষ ইংল্যান্ডের হ্যারি কেইন একটা পেনাল্টি মিস করায়।
ম্যাচে ফ্রান্স দুবারই দুটিই ফিল্ড গোল করেছে। দুবারই তারা লিড নিয়েছে। বিপরীতে ইংল্যান্ড পেয়েছিল দুটি পেনাল্টি। যার প্রথমটিতে হ্যারি কেইন গোল করতে সক্ষম হলেও দ্বিতীয়টি গোলভারের অনেক উপর দিয়ে মারেন। গোলটা হলে সমতায় ফিরত ইংল্যান্ড। সেক্ষেত্রে ম্যাচের ফলটা অন্য রকমও হতে পারত। কিন্তু হ্যারি কেইন সুযোগটা মিস করায় সরাসরিই জিতে যায় ফ্রান্স। ফরাসিদের হয়ে গোল দুটি করেন চুয়ামিনি ও অলিভিয়ের জিরুদ।
প্রতিপক্ষ ইংল্যান্ডের প্রশংসা করে দেশম বলেছেন, ‘কঠিন একটা ম্যাচ ছিল এটা। আমরা দুর্দান্ত ইংল্যান্ড দলের বিপক্ষে খেলেছি, যারা শারীরিক এবং টেকনিক্যালি খুবই শক্তিশালী। আমাদের দলকে ধন্যবাদ দিতেই হবে। আবারও বিশ্বকাপের শেষ চারে পৌঁছানোটা খেলোয়াড়দের জন্য অসাধারণ ব্যাপার। আমরা খানিকটা সৌভাগ্যবান যে, দু-দুটি পেনাল্টির সিদ্ধান্ত বিপক্ষে যাওয়ার পরও চ্যালেঞ্জটা জিততে পেরেছি। আমরা সাহসিকতার সঙ্গে হূদয় দিয়ে খেলে লিডটা ধরে রাখতে সক্ষম হয়েছি।’
ইংল্যান্ড ম্যাচকে পেছনে ফেলে ফ্রান্সের দৃষ্টি এখন সেমিফাইনালের দিকে। যেখানে তাদের প্রতিপক্ষ মরক্কো। যারা এরই মধ্যে ইতিহাস সৃষ্টি করেছে। একের পর এক চমক দেখিয়ে আফ্রিকার প্রথম দেশ হিসেবে জায়গা করে নিয়েছে বিশ্বকাপের সেমিফাইনালে। যে পথে তারা হারিয়েছে স্পেন, পর্তুগালের মতো দুই শিরোপাপ্রত্যাশী দলকে।
