পুলিশের সক্ষমতায় যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব: আইজিপি

আপডেট : ১২ ডিসেম্বর ২০২২, ১৯:৩৯

পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, পুলিশের যে সক্ষমতা রয়েছে তাতে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব। তিনি বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। সব ক্ষেত্রেই পুলিশ পেশাদারিত্বের সঙ্গে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আছে। আগামী দিনেও যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশের সক্ষমতা রয়েছে।  

সোমবার (১২ ডিসেম্বর) নগরীর সার্কিট হাউজ মাঠে আইজিপি কাপ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি একথা বলেন।

পুলিশের মহাপরিদর্শক বলেন, আমরা সবাই মিলে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, জনপ্রতিনিধি, সাধারণ মানুষ ও মিডিয়াকর্মীসহ সবাই মিলে একই প্লাটফর্মে কাজ করে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদকে নিয়ন্ত্রণে এনেছি। আশা করি এই নিয়ন্ত্রণের কার্যক্রম অব্যাহত থাকবে। 

আইজিপি বলেন, আমরা এক সময় দেখেছি দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে সন্ত্রাসের জনপদ ছিলো। এই দেশের ৬৪ জেলায় জঙ্গিদের আক্রমণ হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার জন্য তার ওপর আক্রমণ হয়েছে। হলি আর্টিজানের মতো বড় ঘটনার সূত্রপাত হয়েছে। এখন দেখেন জঙ্গিদের কি অবস্থা। আমরা সবাই মিলে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ করে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে এনেছি। এই নিয়ন্ত্রণ আগামী দিনেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি মেয়র ইকরামুল হক টিটু, অতিরিক্ত আইজিপি হারুন অর রশিদ, রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান ও পুলিশ সুপার মাছুম আহাম্মেদ ভুঞা। আইজিপি কাপ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ টুর্নামেন্টে ১৩ টি দল অংশগ্রহণ করেছে। উদ্বোধনী খেলায় রেনেসা ক্লাব ও জিল্লুর রহমান স্মৃতি সংসদ অংশগ্রহণ করে।

ইত্তেফাক/পিও