সাবেক প্রধানমন্ত্রী ও নেপালের কমিউনিস্ট পার্টির (মাওবাদী কেন্দ্র) নেতা পুষ্প কমল দাহাল ওরফে প্রচন্ড দাবি করেছেন, নেপালে পরবর্তী সরকার গঠন তার দলের ভূমিকা ছাড়া সম্ভব হবে না। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, সাধারণ নির্বাচন একটি ঝুলন্ত সংসদের দিকে নিয়ে যাওয়ার পর তার এ মন্তব্য নতুন জল্পনা কল্পনার জন্ম দেয়। ২৭৫টি আসন নিয়ে নেপালের সংসদের নিম্ন কক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভের নির্বাচনে প্রচণ্ডের দলের নির্বাচিত সদস্যের সংখ্যা বেড়ে ৩২ হয়েছে।
তা সত্ত্বেও প্রচণ্ড বলেছেন, 'আমাদের পেছনে অন্তত ৬০ জন সংসদ সদস্যের সমর্থন রয়েছে। সরকার গঠনের চাবিকাঠি আমাদের হাতে।'
২৭৫ আসনের প্রতিনিধি পরিষদের সাধারণ নির্বাচনে সরাসরি ভোটের মাধ্যমে ১৬৫ প্রার্থীর ভাগ্য নির্ধারণ করা হয়। বাকি ১১০ জন প্রার্থী আনুপাতিক নির্বাচন পদ্ধতির মাধ্যমে নির্বাচিত হয়েছেন।
বর্তমান প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার নেতৃত্বাধীন নেপালি কংগ্রেস নভেম্বরের শেষ পর্বে সাধারণ নির্বাচনে ৮৯টি আসনে জয়ী হয়ে বৃহত্তম দল হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও চীনপন্থি নেতা কেপি শর্মা অলির কমিউনিস্ট পার্টি অফ নেপাল (ইউএমএল) ৭৮টি আসন জিতেছে। তৃতীয় স্থানে রয়েছে প্রচণ্ডের দল।
