কুড়িগ্রামের নাগেশ্বরীতে কাতার ফুটবল বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে পছন্দের আর্জেন্টিনা দলের জয়ের প্রত্যাশায় শোভাযাত্রা করেছে সমর্থকরা। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলার কচাকাটায় এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
সমর্থকরা আর্জেন্টিনা দলের আকাশী সাদা রঙের জার্সি গায়ে প্রায় চার শতাধিক মোটরসাইকেলে কচাকাটার সুবলপাড় বাজার হতে শোভাযাত্রা বের করে। এটি কচাকাটা থানার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পার্শ্ববর্তী উপজেলা ভুরুঙ্গামারী বঙ্গসোনাহাট স্থলবন্দর ঘুরে একই স্থানে এসে শেষ হয়। এ সময় সড়কের দুপাশে দাঁড়িয়ে থাকা জনতা হাত নাড়িয়ে তাদের অভিবাদন জানান।
আয়োজক কমিটির আহবায়ক আমিনুল ইসলাম তোহা জানান, রাতে আর্জেন্টিনার সেমিফাইনাল খেলা। এ উপলক্ষ্যে সমর্থকদের উজ্জ্বীবিত করতে এ শোভাযাত্রা। তাদের ধারণা শক্তিশালী ক্রোয়েশিয়াকে হারিয়ে প্রিয় দল আর্জেন্টিনা ফাইনালে উঠবে। আর এ ধারাবাহিকতায় তারা ফাইনালে জয়লাভ করে কাঙ্খিত শিরোপা লাভ করবে।
